পাঁচ জেলায় গ্রেপ্তার ৫৫ পুলিশসহ আহত ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার পুলিশের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫৫ জনকে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:কুমিল্লা: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, বিকেল চারটার দিকে শহরের কান্দিরপাড় ও মোগলটুলী এলাকা থেকে জামায়াত-শিবিরের দু-তিন হাজার নেতা-কর্মী ও সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের চকবাজার এলাকায় যাচ্ছিলেন। ওই সময় দলীয় নেতা-কর্মীরা বেশ কয়েকটি দোকানপাট এবং ব্র্যাক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা চকবাজার বাসস্ট্যান্ডে গিয়ে কমপক্ষে ১০টি বাস ভাঙচুর করেন। তখন বাধা দিতে গেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে এলজি ও কাটারাইফেল দিয়ে গুলি ছোড়ে।এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. সাজিদ হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) নকুল কুমার, হাবিলদার আবদুস সাত্তার ও আনোয়ার হোসেন এবং চকবাজার পুলিশ ফাঁড়ির টিএসআই নুরুন্নবী গুলিবিদ্ধ হন। পরে তাঁদের কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া জামায়াত-শিবিরের সশস্ত্র নেতা-কর্মীদের হামলায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) টুটুল চক্রবর্তী ডান হাতে ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ মাথায় আঘাত পেয়েছেন।পরে পুলিশ কাঁদানে গ্যাসের শতাধিক শেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশ, পথচারীসহ ৫০ জন আহত হয়।পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জন, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে পাঁচজন এবং জামায়াতের মালিকানাধীন কুমিল্লা মেডিকেল সেন্টার থেকে একজনসহ জামায়াত-শিবিরের মোট ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।কুষ্টিয়া: কুষ্টিয়ায় জামায়াতের ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কের লাল মোহাম্মদ তেল মিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে লাঠিসোঁটা নিয়ে জড়ো হচ্ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে ওই ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সরোয়ার জাহান বলেন, আদালতের মাধ্যমে তাঁদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।সাতক্ষীরা: শহরের ইটেগাছা এলাকায় গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে মিছিলের চেষ্টাকালে পুলিশ লাঠিপেটা করে জামায়াতের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের নিউমার্কেট চত্বরে সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশে ইটেগাছা এলাকার একটি মসজিদ থেকে বের হন জামায়াতের নেতা-কর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাই-নবাবগঞ্জে গতকাল বিকেলে পুলিশের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার পর শহরের বড়ইন্দারা মোড়ের দলীয় কার্যালয় থেকে জেলা জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সদর থানার ওসি খন্দকার গোলাম মর্তুজা বলেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান ও শিবিরকর্মী শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।বরিশাল: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নেতা-কর্মীরা গতকাল বিকেলে নগরের জজকোর্ট এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি নগরের ফজলুল হক এভিনিউ হয়ে চকবাজার এলাকার চকেরপুলে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে বেলা সোয়া তিনটার দিকে সমাবেশ শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মো. শাহ আলম, সদস্য মো. খলিলুর রহমান ও মো. নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।