পাঁচ জেলায় ছয় খুন
গত কয়েক দিনে দেশের পাঁচ জেলায় ছয়জন খুন হয়েছেন। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নান্দাইল (ময়মনসিংহ): পুলিশ জানায়, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আচারগাঁও এলাকা থেকে গত শনিবার তামান্না আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার আবুল হাসেমের স্ত্রী।ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নয়াবিলা গ্রামের দুলাল মিয়া ও তাঁর চাচাতো ভাই মোফাজ্জল মিয়ার মধ্যে জমি নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছে। গত শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুলাল মিয়ার ছেলে খোকন মিয়া (২৪) ঘটনাস্থলেই নিহত হন।ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামের মো. মিরাজুল হক (২৪) ১৫ দিন আগে ওমান থেকে দেশে ফেরেন। গত শুক্রবার দুপুরে তিনি চাচাতো ভাই মো. শামিমের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি গ্রামে বেড়াতে যান। এ সময় উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন (৩০) প্রকাশ্যে মদপান করলে মিরাজুল তাঁকে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে কবিরের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী মিরাজুল ও শামিমের ওপর চড়াও হয়। এ সময় শামিম দৌড়ে পালিয়ে যান। পরে কবির হোসেন ছোরা দিয়ে মিরাজুলের পেটে আঘাত করে। মিরাজুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী (জামালপুর): শনিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পুঠিয়ারপাড় এলাকায় হারুন নামের এক ব্যক্তিসহ কয়েকজন জুয়া খেলছিলেন। এ সময় রাঙ্গা মিয়া (১৯) নামের এক তরুণ এর প্রতিবাদ করলে হারুন ও তাঁর দলবল ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে আঘাত করে। রাঙ্গা মিয়াকে সরিষাবাড়ী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিলেট: গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার মাঝেরগাঁওয়ে তাজউদ্দিন (৩২) নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ছোট ভাই শরিফ উদ্দিনের (২৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ উদ্দিন দা দিয়ে তাজউদ্দিনের ঘাড়ে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যান। এতে তাজউদ্দিন ঘটনাস্থলেই মারা যান।মানিকগঞ্জ: গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুঠোফোনে কল আসার পর বাড়ি থেকে বের হন মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামের আবদুল আলীম (৪০)। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন কুস্তা গ্রামের একটি সেতুর রেলিংয়ের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। দর্শনার্থীদের পদচারণে মুখর পর্যটনকেন্দ্রবিশাল বাংলা ডেস্কসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ও জলাবন রাতারগুল, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর হ্রদ, মিরসরাইয়ের মহামায়াসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়াইনঘাট (সিলেট): উপজেলার পর্যটন এলাকা জাফলং ও জলাবন রাতারগুলে ঈদের দিন থেকে গতকাল রোববার পর্যন্ত পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, জাফলংয়ের মামার দোকান থেকে পিকনিক স্পটের প্রবেশদ্বার পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় পর্যটকদের গাড়ির লম্বা সারি। একইভাবে রাতারগুল যাওয়ার দুই কিলোমিটার কাঁচা রাস্তায় শতাধিক গাড়ির সারি দেখা গেছে।মৌলভীবাজার: খানাখন্দে ভরা প্রবেশপথের কারণে ভোগান্তি সত্ত্বেও বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটছে। মাধবকুণ্ড ইকোপার্ক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বড় কোনো ছুটির সময় কয়েক হাজার পর্যটক মাধবকুণ্ড জলপ্রপাতে আসেন। এবার ঈদের ছুটিতেও এর ব্যতিক্রম হয়নি।কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর হ্রদ, হামহাম জলপ্রপাতসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। ঈদের দিন বিকেল থেকে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। পরের দিন শনিবার সকাল থেকে ভিড় আরও বেড়ে যায়।গতকাল জাতীয় উদ্যানে গিয়ে দেখা গেছে, প্রবেশপথের সামনে কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ সারি। পর্যটকদের একটি বড় অংশ এখানে এসেছিল বনভোজন করতে।মিরসরাই (চট্টগ্রাম): ঈদের দিন দুপুরের পর থেকে মিরসরাইয়ের পর্যটন এলাকা মহামায়ায় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। মহামায়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক ও সেচ প্রকল্প ২০১০ সালের ২৯ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এর পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে আসতে শুরু করেন। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বহুগুণে বেড়ে গেছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, বিপুলসংখ্যক দর্শনার্থী ও শিশুদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে মহামায়া।