পাঁচ জেলায় ছয়জন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন৷ একই রাতে রংপুরে পীরগঞ্জে মোটরসাইকেলচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এদিকে গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভাতিজার পিটুনিতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ একই দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বালুর নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে৷ এর আগে গত বুধবার রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দুষ্কৃতকারীরা আবদুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ১০ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিংগেরগাড়ী গ্রামের মিঠু মিয়ার (২৪) সঙ্গে তাঁর বন্ধু রুবেলের (২৫) বিরোধ বাধে৷ এরই জের ধরে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হাজীরহাট বাজারের কাছে রুবেল পাঁচ-ছয়জন লোক নিয়ে মিঠুর পথ রোধ করেন৷ ধারালো অস্ত্র দিয়ে মিঠুকে এলোপাতাড়ি কোপানো হয়৷ এতে মিঠু ঘটনাস্থলেই প্রাণ হারান৷ এ সময় এলাকাবাসী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রুবেল রংপুরের বদরগঞ্জ উপজেলার দিয়াশপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
অপরদিকে, গতকাল সকালে একই ইউনিয়নের সিংগেরগাড়ী উচ্চবিদ্যালয়ের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় দ্বিপেন্দ্র নাথ রায়ের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের উত্তর সিংগেরগাড়ী দোলাপাড়া গ্রামের মনোহরী কান্ত রায়ের ছেলে এবং রংপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মা চম্পা রানী রায় জানান, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য গ্রামের পাড়ের হাটে যান দ্বিপেন্দ্র। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি।
দিনাজপুর: পরকীয়ার জের ধরে বুধবার রাত সাড়ে আটটার দিকে ফুলবাড়ী উপজেলায় দুষ্কৃতকারীরা আবদুল কুদ্দুস (৩৩) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে। আবদুল কুদ্দুস উপজেলার বেতদিঘী ইউনিয়নের খন্ডকুই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে৷ পুলিশ নিহতের চাচাতো ভাই বুলবুল হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে।
ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুশান্ত সরকার জানান, পুলিশের কাছে জবানবিন্দতে বুলবুল বলেছেন, তাঁর সঙ্গে কুদ্দুসের স্ত্রীর সম্পর্ক ছিল। তাঁরা বিয়ে করবেন বলে কুদ্দুসকে খুন করেন৷ এদিকে শুক্রবার বুলবুলকে দিনাজপুরে বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। বুলবুল বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দিয়েছেন৷
রংপুর: শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ব্যবসায়ী আশিকুর রহমান (২৮) মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ পথে রামনাথপুর ইউনিয়নের সায়েকপুর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে তাঁকে কুপিয়ে হত্যা করে এবং মোটরসাইকেলটি নিয়ে যায়নি৷ আশিকুর একই ইউনিয়নের হাসানপুর এলাকার শফিউজ্জমানের ছেলে৷
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ হাবিবুর রহমান (৩০) ও শফিউল ইসলাম (৩২) নামের দুজনকে আটক করেছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের দামোল গ্রামের আইনুল হক (৬৫) খেতে যান৷ এ সময় তাঁর ভাতিজা আবদুর রহিম দল বেঁধে ওই খেতে গিয়ে লাঠি দিয়ে আইনুল হককে উপর্যুপরি পেটায়৷ এতে আইনুলের মৃত্যু হয়৷ এ ঘটনায় হরিপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আবদুর রহিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে৷
পাটগ্রাম (লালমনিরহাট): গতকাল সকাল নয়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর (ডাঙ্গিরপাড়) গ্রামের এক নারী বাঁশঝাড়ে গরু বাঁধতে যান৷ এ সময় তিনি পাশে ধরলা নদী থেকে উত্তোলনের পর স্তূপ করে রাখা বালুতে চাপা দেওয়া এক ব্যক্তির পা দেখতে পান৷ পরে থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ দুপুর ১২টায় লাশটি উদ্ধার করে৷ তবে তাঁর পরিচয় জানা যায়নি৷ বয়স ৩৫-৩৮ বছর৷ পুলিশের ধারণা, তাঁকে কয়েক দিন আগে হত্যা করা হয়েছে৷