পাঁচ জেলায় ছয়জন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ জেলায় গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার অন্তত ছয়জন খুন হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখার সময় বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়। পাবনার সুজানগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
এদিকে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুজনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁর বদলগাছী উপজেলায় গতকাল সন্ধ্যায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ : পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সদর উপজেলার পঞ্চসারে দয়ালবাজারে খুন হওয়া তরুণের নাম মো. মোস্তফা (১৭)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সে অন্যদের সঙ্গে বাজারের একটি দোকানে টেলিভিশনে বিপিএল খেলা দেখছিল। একপর্যায়ে খেলা নিয়ে উত্তম চন্দ্র ঠাকুর নামের এক যুবকের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে উত্তম দোকানে থাকা চাকু দিয়ে মোস্তফাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন মোস্তফাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তফা ওই দোকানের পাশেই একটি ভাড়াবাড়িতে মা-বাবাকে নিয়ে থাকত। পঞ্চসারে সুতার কারখানায় শ্রমিকের কাজ করত। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। উত্তমও একই এলাকায় ভাড়াবাড়িতে থাকেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় উত্তমকে আসামি করে হত্যা মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পাবনা: জেলার সুজানগর উপজেলার বড়ুলিয়া গ্রামের বাসিন্দা সোহরাব মোল্লার (৬৫) সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মতি জোয়ার্দ্দারের বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর দুইটার দিকে ওই জমিতে সোহরাবের ছেলে শাহীন হোসেন ফসল বুনতে যান। এতে মতি জোয়ার্দ্দারের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের বেদম প্রহারে সোহরাব গুরুতর আহত হন। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল হক গতকাল সন্ধ্যায় বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সুমন মিয়া (২৯) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুবুল আলম বলেন, সুমনের বাড়ি গন্ধর্বপুর এলাকায়। তিনি গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। গতকাল সকালে এলাকাবাসী তাঁর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চাঁদপুর: জেলার শাহরাস্তি উপজেলার রাগৈ ডাটরাশিবপুর রাস্তার পাশ থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে সাদা শার্ট, জিনসের প্যান্ট ও পায়ে কালো স্যান্ডেল ছিল। তাঁর মাথার পেছনের দিকে ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
একই উপজেলার ওয়ারুক রেলক্রসিং এলাকার একটি কলাবাগান থেকে গতকাল সন্ধ্যায় মাহবুব আলম (৩৫) নামের এক মনিহারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
শাহরাস্তি থানার এসআই আবুল কাশেম বলেন, কে বা কারা মাহবুবকে ছুরিকাঘাতের পর শ্বাস রোধ করে হত্যার করে। পরে লাশ কলাবাগানে ফেলে যায়। মাহবুবের বাড়ি পাশের কচুয়া উপজেলার আশ্রাফুর গ্রামে। স্থানীয় নতুন বাজারে তাঁর মনিহারি দোকান আছে। তিনি বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। আজ শনিবার চাঁদপুর সদর হাসপাতাল মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত করা হবে। পরে মামলা করা হবে।
আক্কেলপুর (জয়পুরহাট): নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা-মিঠাপুর সড়কের পাশে একটি ইটভাটার কাছে ছুরিকাঘাতে খলিলুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলার রুকনপুর গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ের জামাই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তোফাজ্জল হোসেন বলেন, তাঁর শ্বশুর গোবরচাপা হাট থেকে বাড়ি ফিরছিলেন। ইটভাটার কাছে দুর্বৃত্তরা পথ রোধ করে তাঁর পেটে ছুরিকাঘাত করে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর শ্বশুরের মৃত্যু হয়।