ময়মনসিংহ শহরতলির বাইপাস এলাকায় গতকাল সোমবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ ছাড়া নাটোর, গাজীপুর, ফরিদপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন।
এ নিয়ে গত ১৪০ দিনে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১ হাজার ২৭৩ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহে বাইপাস ময়নার মোড় এলাকায় গতকাল দুপুরে বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নারী নিহত হন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নিহত দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ভোরে ট্রাকচাপায় নাসির উদ্দিন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার বালুবাড়ি এলাকার আজমত আলীর ছেলে।
ফরিদপুরে মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রি কলেজের সামনে দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. রাজিব (২৫) নামে একটি বাসের সুপারভাইজার নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের চালকসহ ১১ জন। নিহত রাজিব রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় সকালে বাস ও মাটিকাটা ভেকু মেশিন বহনকারী ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক তরিকুল ইসলাম নিহত হন। তিনি ঠাকুরগাঁও জেলা সদরের বাসিন্দা। এ ঘটনায় আহত হন বাসের অন্তত পাঁচ যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নওগাঁর আত্রাইয়ে সমাসপাড়া রাস্তার শ্রীধরগুড়নই নামক স্থানে সকালে একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রইচ উদ্দিন শাহ্ (৪৫) নামে ভটভটির এক আরোহী নিহত হন। তিনি উপজেলার সদুপুর গ্রামের মো. ফয়েজ উদ্দিন শাহের ছেলে।