পাঁচ জেলায় ছয়জনকে হত্যা
সিরাজগঞ্জে বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। একই দিন বিকেলে রাজবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে খুন করেছে দুর্বৃত্তরা। এদিকে চাঁদপুর ও বাগেরহাটে দুই যুবক গণপিটুনিতে মারা গেছেন। কক্সবাজারে খুন হয়েছেন এক নারী ও এক পুরুষ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর সিরাজগঞ্জ: এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, উল্লাপাড়া উপজেলার বেতোবাড়ী গ্রামের জনৈক আবজল স্ত্রী শেফালীকে বাড়ির পাশের ফুলঝোড় নদীতে নিয়ে জোর করে পানিতে ডোবাতে থাকে। এ সময় শেফালীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়। কিন্তু উদ্ধারের আগেই শেফালীর মৃত্যু হয়। আবজল মৃত শেফালীকে নদীতে ফেলে রেখে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধরে ফেলে। আবজলের দাবি, স্ত্রীকে ভূতে ধরেছিল, তাই তিনি তাঁকে নদীতে গোসল করাতে এনেছিলেন। এলাকাবাসী আবজলকে পুলিশে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই একটি হত্যা মামলা করেছেন।রাজবাড়ী: জেলার পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন জানান, উপজেলার দুরসন্দিয়া গ্রামের একটি বাঁশবাগানে ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (২৮) লাশ দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, তাঁকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে গেছে কোনো প্রতারক চক্র। বাগেরহাট: জেলার চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে মোজাম্মেল হোসেন (৩৫) নামের এক যুবক গণপিটুনিতে মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সাবোখালি গ্রামে। গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই গ্রামের প্রণব কুমারের বাড়িতে মোজাম্মেল চুরি করতে গেলে গ্রামবাসী তাঁকে গণপিটুনি দেয়। চিকিৎসাধীন অবস্থায় চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, মোজাম্মেলের বিরুদ্ধে চিতলমারী থানায় ছয়টি চুরি ও একটি ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় প্রণব কুমার চিতলমারী থানায় চুরির চেষ্টা ও পিটিয়ে হত্যার অভিযোগে দুটি মামলা করেছেন। চাঁদপুর: জেলার হাজীগঞ্জ উপজেলার মালাপাড়া গ্রামে চুরি করার সময় ধরা পড়ে গণপিটুনিতে আবু তাহের (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাহেরের বাবা সিরাজ মিয়ার দাবি, তাঁর ছেলে রিকশা চালাতেন। চুরির অভিযোগ তুলে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার রাতে তাহের মালাপাড়া গ্রামের মজিবুর রহমানের ঘরে সিঁধ কেটে ঢুকলে হাতেনাতে ধরা পড়েন। পরে এলাকার মানুষ তাঁকে গণপিটুনি দেয় এবং তাঁকে আটক করে রাখে। গত বৃহস্পতিবার তাহেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আনা হয়। সেখান থেকে তাঁকে হাজীগঞ্জ থানায় পাঠানো হলে থানা থেকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে বলা হয়। ওই দিন বেলা সোয়া ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাহের মারা যান। এ ঘটনায় ইউপি সদস্য সামছুদ্দিন বেপারী একটি হত্যা মামলা করেছেন। কক্সবাজার: জেলার রামু উপজেলার চরপাড়ায় দুর্বৃত্তদের হামলায় নূর আহমদ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দক্ষিণ মিঠাছড়ি চরপাড়ার খলিলুর রহমানের ছেলে। এদিকে উপজেলার হিমছড়িতে ঝাউবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই নারীকে ঝাউবাগানে এনে হত্যা করেছে।নূর আহমদের স্ত্রী জানান, গত বৃহস্পতিবার রাতে চেইন্দা স্টেশন থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা দা, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্বামীকে কোপায়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, পুলিশ গতকাল নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অজ্ঞাতপরিচয় নারীর মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে রামু থানায় দুটি মামলা হয়েছে। নূর আহমদের হত্যা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।