পাঁচ জেলায় ছয়জনের অস্বাভাবিক মৃত্যু
ফরিদপুর, গোপালগঞ্জ, বরগুনা, বাগেরহাট ও নড়াইলে ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুর ও বরগুনায় একজন করে গৃহবধূ, নড়াইল ও বাগেরহাটের মোরেলগঞ্জে একজন করে ব্যবসায়ী খুন হয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন। এসব ঘটনা ঘটেছে গত তিন দিনে।
ফরিদপুরে পিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বাড়িতে লাশ ফেলে পালিয়ে গেছেন ওই গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি। গত বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বড়বাড়ি নামে পরিচিত পিয়ার স্বামী মামুন শেখের (২৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে পিয়ার বাবা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি গ্রামের বাসিন্দা লিয়াকত শেখ বাদী হয়ে গত শুক্রবার ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে মৃতদেহটি পিয়ার বাবার হাতে তুলে দিয়েছে।
এ মামলায় মামুন শেখ, তাঁর ভাই রাকিবুল শেখ (৩০), বাবা রহমান শেখ (৬০) ও মা নিছানা বেগমকে (৫০) আসামি করা হয়েছে।
বরগুনায় যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় স্বামীর মারধরে সুশ্মতি জাহান ইলোরা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বরগুনার সদর উপজেলার দক্ষিণ হেউলবিনয়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ইলোরা ওই গ্রামরে মিজানুর রহমান হিরুর স্ত্রী। তাঁদের দুটি মেয়েসন্তান রয়েছে। ঘটনার পর থেকে মিজানুর রহমান পলাতক।
নিহত ইলোরার বড় মেয়ে নাবা (১৫) বলে, ‘প্রায়ই যৌতুক দাবি করে মায়ের ওপর অমানুষিক নির্যাতন করতেন বাবা। ঘটনার দিন শুক্রবার রাত নয়টার দিকে আবারও যৌতুকের দাবি তুলে মাকে মারধর করেন। রাত সাড়ে ১০টার দিকে মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মায়ের শারীরিক অবস্থা খারাপ দেখে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসি। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামে জিল্লুর রহমান (৪২) নামের এক ব্যবসায়ীকে শুক্রবার রাত দুইটার দিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ সময় জিল্লুরের সঙ্গী তরিকুল ইসলামকেও কুপিয়ে আহত করা হয়। জিল্লুরের স্বজনদের দাবি, শত্রুতার জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত তরিকুল ইসলাম বলেন, রাতে মাগুরার শালিখা উপজেলার গজনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে দুজনে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কোমখালী গ্রামের কবরস্থানের কাছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জিল্লুরকে কুপিয়ে হত্যা করে। ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে আহত করে। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে বাঁচেন।
নিখোঁজের দুই দিন পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদী থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত নান্না শেখ (২৫) পেশায় গরু ও ছাগল ব্যবসায়ী। তিনি মোরেলগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া এলাকার প্রয়াত করিম শেখের ছেলে। গত বৃহস্পতিবার ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নান্নার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে একই সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে কাশিয়ানী থানাপাড়া এলাকার একটি রেইনট্রি থেকে ঝুলন্ত ওই দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রেমিক-প্রেমিকা হলেন কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক শেখের ছেলে ফার্নিচার মিস্ত্রি নূর ইসলাম শেখ (২৪) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাড়ইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকুমণি (২২)।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন ফরিদপুর অফিস, নড়াইল প্রতিনিধি এবং বাগেরহাট, বরগুনা ও গোপালগঞ্জ সংবাদদাতা।]