পাঁচ জেলায় ডায়রিয়ায় ১৪৯৪ জন আক্রান্ত
ভ্যাপসা গরমে চাঁদপুরসহ এর আশপাশের পাঁচ জেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ৪৯৪ জন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব কেন্দ্রে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে।
আইসিডিডিআরবির মতলব শাখা সূত্রে জানা গেছে, (১ থেকে ১৭ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৮৮ জন রোগী এখানে ভর্তি হয়েছে। এই সংখ্যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ। স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন ভর্তি হয় ৪৫ জন। গত বছর এই সময়ে প্রতিদিন ভর্তি হতো ৭০ জন। এ ছাড়া গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত ভর্তি হয় ৪১ জন।
সূত্র জানায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে শূন্য থেকে এক বছর বয়সী শিশু ৮২৫ জন, দুই থেকে চার বছর বয়সী ১০৯ জন, পাঁচ থেকে ১৪ বছর বয়সী ৫৭ জন ও ১৫ বছরের ওপরে ৫০৩ জন। এদের মধ্যে শূন্য থেকে ১৪ বছর বয়সী রোগী ৬৭ ভাগ এবং ১৫ বছর বা এর বেশি বয়সী ৩৩ ভাগ। এসব রোগীর মধ্যে চাঁদপুর সদরের ২২০, ফরিদগঞ্জের ১১৬, হাইমচরের ২৫, হাজীগঞ্জের ১১২, কচুয়ার ৭৪, মতলব উত্তরের ৭৬, মতলব দক্ষিণের ৯১, শাহরাস্তির ৪৭, কুমিল্লার তিতাসের ২৭, বরুড়ার ৬৬, চান্দিনার ৯৩, কুমিল্লা সদরের ৪৮, দাউদকান্দির ২৭, দেবীদ্বারের ৪১, লাকসামের ৪১, লক্ষ্মীপুর সদরের ১০৬, রায়পুরের ১০৯ ও রামগঞ্জের ৪৫ জন। বাকি রোগীরা কুমিল্লার বুড়িচং, চৌদ্দগ্রাম, হোমনা, নাঙ্গলকোট, মোহনগঞ্জ, মুরাদনগর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, সখীপুর এবং নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ীসহ আশপাশের কয়েকটি জেলা-উপজেলার।
গতকাল দুপুর ১২টায় আইসিডিডিআরবিতে গিয়ে দেখা যায়, সেখানকার প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন বয়সী ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ভিড়। বহির্বিভাগেও বেশ কিছু রোগী চিকিৎসা নিচ্ছে। চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ গ্রামের গৃহবধূ সাজেদা বেগম (৪০) বলেন, ‘ঘন ঘন পাতলা পায়খানা ও বমি করনে এনো ভর্তি অইছি। খাবার স্যালাইন দিছে। এহন একটু ভালার দিকে।’
আইসিডিডিআরবি মতলব কেন্দ্রের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, প্রচণ্ড গরমে এ রোগের প্রকোপ বেড়েছে। ময়লা-খোলা ও বাসি খাবার গ্রহণ এবং দূষিত পানি পানের কারণে এ রোগ দেখা দেয়। আক্রান্ত শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের খাওয়ার স্যালাইন ও মায়ের বুকের দুধ খেতে দেওয়া হচ্ছে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খাওয়ার স্যালাইন, বেবিজিংক, মায়ের বুকের দুধ ও খাবার হিসেবে সুজি, খিচুড়ি, পাকা কলা, ভাতের মাড়, ডাব ও চিড়ার পানি দেওয়া হচ্ছে। মারাত্মক পানিশূন্য রোগীদের শিরায় স্যালাইন দেওয়া হচ্ছে।
চন্দ্রশেখর দাস আরও বলেন, ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে কাছের স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে দ্রুত নিয়ে আসতে হবে। দূষিত পানি পান এবং ময়লা, বাসি ও খোলা খাবার বর্জন করলে এ রোগ এড়ানো সম্ভব।