নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরের পীরগাছায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারী: মিনিবাসের ছাদ থেকে শুঁটকির বস্তা নামানোর সময় সেই বস্তা পথচারী এক ছাত্রের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত নীলফামারী-ডোমার সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, নিহত সোহানুর রহমান ডোমারের বসতপাড়া চিকনমাটি গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। গত সোমবার বিকেলে সে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় চিকনমাটি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়: মায়ের কিনে দেওয়া নতুন সাইকেলে চড়ে স্কুলে যাওয়া হলো না লাতুস ইসলামের (১২)। গত সোমবার সন্ধ্যায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের সরকারি শিশু পরিবারের সামনে ট্রাকের চাপায় মারা যায় সে। ঘটনার পর পরই ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে সড়ক অবরোধ করে। লাতুস পঞ্চগড় সরকারি শিশু পরিবারের সদস্য। সে পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ত। তার বাড়ি বোদা উপজেলার শিকারপুর গ্রামে। কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন মারা গেছে। গত সোমবার রাত আটটার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। নাগেশ্বরী পায়রাডাংগা ইউনিয়নের সিংগের ভিটা এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি ছিটকে খাদে পড়ে যায়। এতে যাত্রী অনাথ চন্দ্র বর্মণ (২৫) গুরুতর আহত হন। তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের মধ্য কুমোরপুর গ্রামে। একই দিন বিকেল সাড়ে চারটার দিকে নাগেশ্বরী উপজেলা আশার মোড় এলাকার মালভাঙা সেতুসংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় রেদওয়ান (৮) নামে একটি শিশুকে দ্রুতগামী মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেদওয়ান আশার মোড় এলাকার মোজাম্মেল হকের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ: সোমবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার নেজামপুরে ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (১০) নামে এক মাদ্রসাছাত্র মারা গেছে। সে নেজামপুর দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীরা এক ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-নাচোল সড়ক অবরোধ করে রাখে। পীরগাছা (রংপুর): সোমবার রাত আটটার দিকে রংপুর-পীরগাছা সড়কের কদমতলা নামক স্থানে ট্রলির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে উপজেলার নজর মামুদ গ্রামের আবদুল কুদ্দুস মিয়া (৪০) মারা যান। তিনি ট্রলিতে করে হিমাগারে আলু রেখে বাড়ি ফিরছিলেন।