পাঁচ জেলায় তিনজন খুন দুটি লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামে মো. শফিউদ্দীন আহমেদ (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ছাড়া ফরিদপুর ও মাদারীপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আরও দুজন নিহত হন। পিরোজপুরে এক নারীর এবং সাতক্ষীরায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গল ও গতকাল বুধবার এসব ঘটনা ঘটে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: মঙ্গলবার রাত ১০টার দিকে নাপিতখালী গ্রামের বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে শফিউদ্দিন আহমেদ মুঠোফোনে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি কাছের শ্যাওড়াতলা মাঠের দিকে চলে যান। এ সময় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন। সন্ত্রাসীরা তাঁকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। তাঁর চিৎকার শুনে লোকজন এসে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে তিনি মারা যান।
ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার আতাইল গ্রামে গতকাল সকালে মারধরের শিকার হয়ে মোজাহের মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি মারা যান। পুলিশ জানায়, গ্রামের দুই প্রতিবেশী ফারুকের স্ত্রী শম্পা ও আসাদের স্ত্রী মেলোর সঙ্গে ঝগড়া হয়। পরে মেলোর স্বজনেরা এসে ফারুককে মারধর করতে থাকেন। এ সময় চাচা মোজাহের ফারুককে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে বেধড়ক পেটান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কালকিনি (মাদারীপুর): কালকিনির মস্তফাপুর গ্রামে লাঠির আঘাতে আনোয়ারা বেগম (৫৫) নামের এক নারী মারা যান। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে মস্তফাপুরের মজনু বেপারীর গরু সেকম আলীর ফলের চারা খেয়ে ফেলে। এর জের ধরে সেকমের ছেলে পান্নু লাঠি দিয়ে মজনুর স্ত্রী আনোয়ারা বেগমের মাথায় আঘাত করে। রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামের একটি খেত থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক নারীর (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরনে ছিল কালো ছাপার শাড়ি ও হলুদ ছাপার বোরকা।
সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সুন্দর নদীর দাড়গাং এলাকা থেকে গতকাল বিকেলে বনদস্যু বাহিনী প্রধান আবদুর রহমানের (৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শ্যামনগর থানার এসআই লিয়াকত বলেন, বিজিবির জওয়ানেরা মঙ্গলবার সন্ধ্যায় টহলের সময় নদীতে ওই লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।