পাঁচ জেলায় দুই শিশুসহ নিহত ৭
নোয়াখালী, বাগেরহাট, মাগুরা, গোপালগঞ্জ ও ফরিদপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দু্ই শিশুসহ সাতজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;নোয়াখালী: সদর উপজেলার শান্তিরহাট-জনতা বাজার সড়কের একটি এতিমখানার পাশে গতকাল মঙ্গলবার বালুভর্তি ট্রাকের চাপায় মাটিকাটার দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ওই উপজেলার আন্ডারচরের মো. আজাদ (৩২) ও সফি উল্লা (৩৫)। একই দিন সোনাইমুড়ীর বগাদিয়া এলাকায় বাসের চাপায় আকিজা খাতুন (৭০) নামে এক পথচারী নিহত হন। তিনি ওই উপজেলার রশিদপুর গ্রামের আবুল হাশেমের স্ত্রী।বাগেরহাট: সদর উপজেলার রঘুনাথপুর সাধনার মোড়ে গত সোমবার গাছের সঙ্গে ধাক্কা লেগে সঞ্জিত হাওলাদার (৩৩) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি বাগেরহাট শহরের বাসাবাটি দাসপাড়া এলাকার কানাই হাওলাদারের ছেলে।মাগুরা: মাগুরা শহরের পারলা বেলতলা এলাকায় গতকাল ট্রাকের চাপায় জয় ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে শহরের মোল্লাপাড়ার মুকুল মোল্লার ছেলে এবং ওই এলাকায় অবস্থিত অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।গোপালগঞ্জ: গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতী গ্রামে গত সোমবার বাসের চাপায় শানু (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে মাঝিগাতী গ্রামের এসকেন্দার আলীর মেয়ে। ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের মহিলা রোড এলাকায় গত সোমবার শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নসিমনযাত্রী রহমান মোল্লা (৬৫) নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার বৌঘাটা এলাকায়।