বগুড়া ও পঞ্চগড়ে গত চার দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে। একই সময়ে বরগুনার আমতলী, বরিশাল ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: গত মঙ্গলবার বিকেল চারটায় বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় একটি তেলবাহী লরির ধাক্কায় একটি মোটরসাইকেল রাস্তায় পড়ে উল্টে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীই নিহত হয়। তাঁরা হলেন গাবতলীর হেলালউদ্দিন (২৮), তাঁর পাঁচ বছরের মেয়ে সাদিয়া আকতার ও হেলালউদিনের শ্বশুর বগুড়া শহরতলি ঝোপগাড়ী গ্রামের বুলু প্রামাণিক (৪৮)। রোববার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের মাদলার ব্রিজের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী রেজাউল ইসলাম, জাহিদুল ইসলাম ও রুলি আকতার নামের তিনজন পোশাক কারখানার শ্রমিক মারা যান। তাঁদের বাড়ি সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায়। রোববার রাত সাড়ে ১০টায় বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডিহারার কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন মারা যান। এরা হলেন অভিজিৎ রায়, রেজিয়া বেগম ও হোসনে আরা। তাঁদের বাড়ি ঢাকার টঙ্গী, মিরপুর ও বগুড়ার সোনাতলায়। শেরপুর (বগুড়া): উপজেলার ছোনকা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার বাস চাপায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম কছের মুন্সি। বাড়ি উপজেলার নলবাড়িয়া গ্রামে। পঞ্চগড়: সদর উপজেলার পুকুরীডাঙ্গায় গত সোমবার ঈদুল আজহার দিন একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী দর উপজেলার মাঘই মুন্সিপাড়া গ্রামের আবু সাঈদ (১৮) নিহত হয়েছেন। এসময় সজীব ও সুমন নামের দুই বন্ধু আহত হন। সজীব (১৮) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।আমতলী (বরগুনা): আমতলী-কলাপাড়া সড়কের মানিকঝুরি এলাকায় গত রোববার রাতে টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামাই, শ্বশুর ও শ্যালকসহ চারজন নিহত হন। তাঁরা হলেন খলিলুর রহমান (৩৫), তাঁর শ্বশুর মনসুর আলী মোল্লা (৬৫), শ্যালক জাকির হোসেন মোল্লা (৪০) ও সজীব (১৫)। নিহত খলিল শরিফ ও সজীবের বাড়ি আমতলীর তালতলী এলাকায়। আর মনসুর ও জাকিরের বাড়ি পিরোজপুর জেলায়। এতে খলিলুর রহমানের স্ত্রী খাদিজা বেগম আহত হন। গত রোববার বিকেলে আমতলী-তালতলী সড়কের গাবতলীতে মোটরসাইকেল চাপায় বাহাদুর মিয়া নিহত হন। তাঁর বাড়ি গাবতলী এলাকায়। লাশগুলো বরগুনার মর্গে পাঠানো হয়েছে। বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর রামপট্টি এলাকায় গত মঙ্গলবার বাসের চাপায় ভ্যানচালক শহিদুল ইসলাম (২৫) নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বরিশাল থেকে সৈয়দপুরগামী এ আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ বাধা দিলে এলাকাবাসী ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ পুলিশ আহত হয়। প্রায় ৩৫ মিনিট পর এলাকাবাসী অবরোধ তুলে নেন।বাগেরহাট: খুলনা-মংলা মহাসড়কের সদর উপজেলার চুলকাঠি বাজারের কাছে গত মঙ্গলবার যাত্রীবাহী বাস ও শ্যালো ইঞ্জিনচালক অবৈধ নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতেরা হলেন রামপাল উপজেলার উজলকুড় গ্রামের বাসিন্দা নছিমনচালক হারুন শেখ (৩০) ও যাত্রী এস এম পরান (২৬)। কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুআমাদের কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়া-পোড়াদহ রেললাইনের মজমপুর এলাকায় ট্রেনে কেটে নজরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর রেলগেট এলাকায় রাজবাড়ী থেকে পোড়াদহগামী ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়েন।