পাঁচ জেলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় পাঁচজন নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে গত ১৫২ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেল ১ হাজার ৫৫৮ জনের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং কেরুনতলি এলাকায় গতকাল দুপুরে ডাম্প ট্রাকের চাপায় মোহাম্মদ সেলিম (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। সে উখিয়া উপজেলার পালংখালীর রশিদ আহমদ সওদাগরের ছেলে। টেকনাফগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে এর দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে। এরপর দ্রুত পালাতে গিয়ে ট্রাকটি সেলিমকে চাপা দেয়।

বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় আবদুর রাজ্জাক (২২) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া গ্রামে। মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী ট্রাকটি পেছন থেকে তাঁকে চাপা দেয়।

ফরিদপুরের সদরপুর উপজেলায় সদরপুর-ফরিদপুর সড়কের যাত্রাবাড়ী এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় একটি থ্রি হুইলার মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষে কাসেম সরদার (৬৫) নামের এক মাহেন্দ্রযাত্রী নিহত হয়েছেন। নিহত কাসেম সরদার উপজেলার চরডুবাইল গ্রামের বাসিন্দা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে ভাই ভাই মোড়ে গত শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩৬) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ছোট কাটামারী গ্রামের বাসিন্দা। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলটির চালক গোলাম মোস্তফা ও আরেক আরোহী বাবলু মিয়াকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী।

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে সোনাপুর-কবিরহাট সড়কের বারিপুকুরপাড় এলাকায় গত শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. কালু (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।