পাঁচ জেলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ, নাটোর, পাবনার আটঘরিয়া, চাঁদপুরের শাহরাস্তি ও নওগাঁর আত্রাইয়ে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটিতে গতকাল মঙ্গলবার ভোরে থেমে থাকা একটি ট্রাককে রডবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই খাদে পড়ে যায়। দুর্ঘটনায় রডবোঝাই ট্রাকের চালক আজিজুল (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি পাবনা জেলার লস্করপুর গ্রামে। নাটোর: গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নাটোর চিনিকলের জ্যেষ্ঠ করণিক মোসলেম উদ্দিন (৫৬) নাটোর-রাজশাহী সড়ক দিয়ে মোটরসাইকেলে করে দস্তানাবাদ আখ ক্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় তাঁর সহকর্মী আবদুর রশিদের মালিকানাধীন একটি বাস (তারেক পরিবহন) নাটোর থেকে রাজশাহী যাওয়ার পথে সদর উপজেলার দস্তানাবাদে তাঁকে চাপা দেয়। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন দস্তানাবাদ মোড়ে নাটোর-রাজশাহী সড়ক সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত অবরোধ করে রাখে। পাবনা: পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার আটঘরিয়া বাজারে গতকাল সকাল সাড়ে আটটার দিকে এডওয়ার্ড কলেজের একটি বাসের চাপায় স্বর্ণা খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিবাড়ী-হোসেন আইজি সড়কের তালতলায় গত সোমবার সকাল সাড়ে নয়টায় ট্রাকের চাপায় জসিম উদ্দিন (১৭) নামে এক কলেজছাত্র আহত হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার রায়শ্রী (দ.) ইউনিয়নের দেবকরা গ্রামের নোয়াবাড়ীর তরিক উল্যাহর ছেলে। আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন একটি অরক্ষিত রেলগেটে সোমবার সকাল নয়টার দিকে নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেসের সঙ্গে একটি টেম্পোর সংঘর্ষ হয়। এতে টেম্পোচালক ইসরাফিল (২৮) নিহত হন।