পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুর থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৭৫ দিনে সারা দেশে সড়কে প্রাণ হারালেন অন্তত ৬৫১ জন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবার সন্ধ্যায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, গতকাল সকালে উপজেলার আলোকদিয়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি রডবোঝাই বিকল ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শাহীন হোসেন (৪০) ও বিপুল হোসেন (১৮) নামের দুজন মাছ ব্যবসায়ী নিহত হন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকচাপায় জহিরুল ইসলাম ওরফে রানা (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার দুপুরে নগরকান্দা থেকে জহিরুল মোটরসাইকেলে করে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। এ সময় উপজেলার শসা এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। নগরকান্দা থানার ওসি এ এস এম নাসিম বলেন, নিহত ব্যক্তির পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গতকাল বিকেলে ট্রাক্টরের ধাক্কায় জমসেদ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা মোজাহারুল ইসলাম বলেন, জমসেদ বাইসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার কেশবপুর পশ্চিমপাড়া এলাকায় একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল একটি লরির ধাক্কায় বাবুল দাশ (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই হুমায়ুন কবির বলেন, সকালে একটি তেলবাহী লরি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের একটি তেল কারখানার সামনে সড়কের কাজে নিয়োজিত সড়ক ও জনপথের (সওজ) একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবুল দাশ তেলের লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।