পাঁচ জেলায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সাতক্ষীরার তালায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া গত শুক্রবার কিশোরগঞ্জের ভৈরব ও চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:রাঙামাটি: চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) সামনে গতকাল বেলা ১১টার দিকে একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আবুল কালাম (৪০), আরেফা বেগম (৩৫) ও নাসিমা বেগম (২৫) নিহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালায় গতকাল সকালে অজ্ঞাতনামা এক বৃদ্ধা (৫৫) রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। সাতক্ষীরা: তালা-পাইকগাছা সড়কের সাতক্ষীরার তালা উপজেলার গোনালী নলতায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে একটি পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলাম (৪২) নিহত হন।ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির বিবিরহাট বাজারের কাছে গত শুক্রবার বিকেলে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাহার উল্লাহ (৩২) নিহত হন। তিনি ওষুধ কোম্পানি ডেনিশ ফার্মা লিমিটেডের ফেনীর আঞ্চলিক ব্যবস্থাপক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।ভৈরব: ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় শুক্রবার রাতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হন।