নওগাঁর মান্দা, যশোর, চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে সাতজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নওগাঁ: মান্দা উপজেলার বিজয়পুর এলাকায় গতকাল শুক্রবার একটি শ্যালো ইঞ্জিনচালিত যান ভটভটি উল্টে যায়। এতে ভটভটির যাত্রী বিরাজ উদ্দিন (৩৫) নিহত হন। একই দিন মান্দা-নিয়ামতপুর সড়কের চককেশব এলাকায় একটি ট্রাক্টরের চাপায় রুবেল হোসেন (২৫) নামের এক শ্রমিক নিহত হন। যশোর: সদর উপজেলার হামিদপুর এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের যাত্রী সদর উপজেলার ভায়না গ্রামের আল আমিন (৩৫) নিহত হন। চন্দনাইশ (চট্টগ্রাম): চন্দনাইশের রৌশনহাট এলাকায় গতকাল একটি বাসের চাপায় সজল কুমার (১৮) নামের একজন নিহত হন। পটিয়া (চট্টগ্রাম): নয়াহাট এলাকায় গতকাল একটি টেম্পো থেকে ছিটকে পড়ে মোহাম্মদ নাছির (৩৫) নামের একজন নিহত হন। চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সুজাতপুর সেতু থেকে বৃহস্পতিবার একটি মোটরসাইকেল নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী ফেনী শহরের এসএসকে রোডের বাসিন্দা কাজী ইউসুফ রাজীব (২৫) নিহত হন।গোপালগঞ্জ: মুকসুদপুর-বড়ইতলা সড়কের আগারী সেতুর কাছে বৃহস্পতিবার একটি নসিমন খাদে পড়ে যায়। এতে ওই নসিমনের চালক মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের সুজন শেখ (১৯) নিহত হন।