পাঁচ জেলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার পাঁচ জেলায় আটজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ১২৭ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১০৯।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের উদ্ধৃতি দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের মকবুল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (৩০), গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন (৪৫) এবং নওগাঁর সাপাহার উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম (৪২)।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে সকালে ঢাকামুখী একটি রডবোঝাই ট্রাকের ধাক্কায় জাহানারা বেগম (৬৮) নামের এক নারী নিহত হয়েছেন। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, নিহত নারী ওই এলাকার রেল কলোনিতে থাকতেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামে ব্যাটারিচালিত রিকশার নিচে পড়ে নাদির (৫) নামের একটি শিশু বিকেলে এবং গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৪৫) নামের এক মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন। নাদির রমজানবেগ গ্রামের মিন্টু মিয়ার ছেলে। শফিকুল দাউদকান্দির মালাখাল এলাকার আবদুল রবের ছেলে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লায় ভোরে এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং কমপক্ষে ১০ প্রশিক্ষণার্থী সেনাসদস্যসহ ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ৭ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তি হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার লাভলু মিয়া। তাঁর বাড়ি পাবনা সদরে।

কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আহত সেনাসদস্যরা হলেন চট্টগ্রাম ইবিআরসি প্রশিক্ষণ ব্যাটালিয়নের প্রশিক্ষণার্থী নাছির উদ্দিন, সাইদুল ইসলাম, রইছ উদ্দিন, সবুজ আলী, মকবুল হোসেন ও রুবেল রানা এবং বাসচালকের সহকারী পাবনা সদরের সাইফুল ইসলাম।

বরিশালে মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে মো. মনির হোসেন (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। সকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন বরিশাল নগরীর আলেকান্দা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।