বগুড়া, লক্ষ্মীপুর, জয়পুরহাটের কালাই, মৌলভীবাজারের কমলগঞ্জ ও মাদারীপুরের কালকিনিতে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কেরা সদরের বাঘোপাড়া নামক স্থানে গতকাল সকালে যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়ার সোনাতলা উপজেলার আটকরিয়া গ্রামের মিল্লাত হোসেন ওরফে স্বপন (২০) ও গাবতলী উপজেলার কাগইলের সাজু (৩২)। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের চাতলাপুর স্থলবন্দর সড়কে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে নয়টায় কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানের চৌচল্লিশপাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট-খালেকের হাট সড়কের ভবানীপুর গ্রামে গাছভর্তি নছিমন বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে সোবাহান কাজী (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাবুল চৌকিদার (৩০) ও শাহালম মৃধা (২৮)। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-মজু চৌধুরীহাট সড়কে গতকাল ভোরে কাদিরাগোঁজাসংলগ্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও বালুভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও অপর চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিগা গ্রামের হাফেজ হানিফ (৫০) ও ইব্রাহিম (৩৫)। কালাই (জয়পুরহাট): কালাই উপজেলার বহুতির দিক থেকে মোটরসাইকেল চালিয়ে মোসলেমগঞ্জ-পাঠানপাড়া সড়কে ওঠামাত্র বৈরাগীহাট সাউথপোল হিমাগারসংলগ্ন স্থানে একটি দ্রুতগামী ট্রাক কাবাডি খেলোয়াড় আবু রায়হানের (৩২) মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় আবু রায়হানকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।