পাঁচ জেলায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু
পাবনার চাটমোহরে গার্মেন্টস শ্রমিক, ফরিদপুরে গৃহবধূ ও সিরাজগঞ্জে প্রেমিকসহ পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ছাড়া বগুড়ার আদমদীঘি ও পটুয়াখালীর কলাপাড়ায় মৃত্যু হয়েছে আরও দুজনের। চাটমোহর, সিরাজগঞ্জ ও আদমদীঘির ঘটনায় থানায় মামলা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা ও চাটমোহর: চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখাড়া গ্রামের গার্মেন্টস শ্রমিক সাইফুল ইসলাম সম্প্রতি তাঁর মালিকানাধীন একটি জলাশয় পার্শ্ববর্তী মহেলা গ্রামের শাহাবুল ইসলাম ও শহীদ আলমের কাছে লিজ দেন। গত শুক্রবার রাতে তাঁদের কাছে লিজের টাকা আনতে গিয়ে সাইফুল আর ফিরে আসেননি। গতকাল শনিবার সকালে গ্রামের বড় রাস্তায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।এ ঘটনায় নিহত সাইফুলের ভাই শাহজাহান আলী চাটমোহর থানায় মামলা করেছেন। তিনি জানান, সাইফুল ঢাকায় একটি সোয়েটার কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে স্ত্রী-সন্তান নিয়ে তিনি বাড়িতে বেড়াতে আসেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। মামলার আসামি শাহাবুল ইসলাম ও শহীদ আলম পলাতক। ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার গভীর রাতে সুমিতা রানী দাস (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার পাটকেলকোরা ইউনিয়নের মুকসুদপুর গ্রামে। ঘটনার পর হাসপাতালে সুমিতার কোনো আত্মীয়স্বজনকে পাওয়া যায়নি।জানা যায়, খুলনার পাইকগাছার উজ্জ্বল দাসের সঙ্গে প্রায় চার বছর আগে সুমিতা রানীর বিয়ে হয়। উজ্জ্বল দাস একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার গুণবাহ তালতলা বাজারের শাখা ব্যবস্থাপক তিনি। সেখানেই থাকতেন স্বামী-স্ত্রী। সুমিতার ছোট ভাই শিমুল দাস (২২) অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাঁর বোনের কাছে যৌতুক দাবি করে আসছিলেন উজ্জ্বল। যৌতুক না দেওয়ায় উজ্জ্বল ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই তাঁর বোনকে মারধর করতেন। শুক্রবার সকালে মুঠোফোনে সুমিতার সঙ্গে তাঁদের কথা হয়। সে সময় সুমিতা জানান, তাঁকে শ্বশুরবাড়ির লোকজন খুব অত্যাচার করছে। তাঁকে বাড়িতে নিয়ে যেতে বলেন। যৌতুকের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে উজ্জ্বল দাসের মুঠোফোনে কল করলে তাঁর কর্মী পরিচয় দিয়ে জনৈক শাহারুল ইসলাম বলেন, ‘স্যার (উজ্জ্বল) মানসিকভাবে ভেঙে পড়েছেন।’ সুমিতার মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বিকেলে এসিড পান করলে সুমিতাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে সুচিকিৎসার সুযোগ না থাকায় তাঁকে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কর্মকার জানান, পুলিশ লাশের সুরতহাল করেছে। ময়নাতদন্তেরও ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে মূল তদন্ত বোয়ালমারী থানায় হবে বলে তিনি জানান।যোগাযোগ করা হলে বোয়ালমারী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।সিরাজগঞ্জ: সদর উপজেলার জামুয়া উত্তরপাড়া গ্রামের রাজমিস্ত্রি শামিমের (২৫) সঙ্গে একই গ্রামের একটি মেয়ের (১৮) প্রেম চলছিল। শুক্রবার রাতে শামিম মেয়েটির সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান। অভিযোগ উঠেছে, এ সময় মেয়েটির বাবা ও তাঁদের আত্মীয়স্বজন কৌশলে শামিমকে ধরে বেদম মারধর করেন। খবর পেয়ে শামিমের বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে শামিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। ভোর রাতে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, লাশ উদ্ধার করে সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আদমদীঘি (বগুড়া): আদমদীঘির ছাতনি (উত্তর সরদারপাড়া) গ্রামের মিলন সরদার (৪৫) প্রায় পাঁচ বছর আগে সান্তাহার শহরের দৈনিক বাজার এলাকার জেসমিন নাহার আশাকে (২৮) বিয়ে করেন। বিয়ের পর থেকেই মিলন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া বাধে। অভিযোগ উঠেছে, একপর্যায়ে মিলন ও তাঁর পরিবারের লোকজন আশার ওপর অমানুষিক নির্যাতন চালান। এতে আশা মারা যান। পরে ঘটনা এড়াতে মুখে শ্যাম্পু ঢেলে আশা আত্মহত্যা করেছেন বলে প্রচার চালানো হয়।অভিযোগ অস্বীকার করে মিলন সরদার প্রথম আলোকে বলেন, ‘আশাকে কেউ হত্যা করেনি, পারিবারিক কলহের কারণে সে শ্যাম্পু খেয়ে ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’আদমদীঘি থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন জানান, এ ঘটনায় নিহত আশার বাবা আবদুল জব্বার বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টির তদন্ত চলছে। কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামের রহিম মোল্লা (৪৫) দীর্ঘদিন সরকারের খাস জমিতে বসবাস করে আসছিলেন। কিছু দিন আগে তিনি শুনতে পান, তাঁর দখলে থাকা জমি এক দালালের মাধ্যমে ভূমি অফিসের লোকজন অন্যের নামে নিবন্ধন করে দিয়েছেন। এরপর থেকে তিনি অনেকটা অপ্রকৃতস্থ মানুষের মতো আচরণ করতে থাকেন। গতকাল দুপুরে তিনি এক ফেরিওয়ালাকে কাঁচি নিয়ে ধাওয়া করেন। পরে তাঁর স্ত্রী শাহীনুর বেগমকে কাঁচি দিয়ে আঘাত করেন। এরপর যান মাহতাব তালুকদারের (৬০) বাড়িতে। তিনি তাঁকে উপর্যুপরি কোপান। গুরুতর আহত অবস্থায় মাহতাব তালুকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকার লোকজন রহিম মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।