পাঁচ জেলায় প্রাণ গেল নয়জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত হয়েছেন বাবা-ছেলেসহ তিনজন। গত শনিবার রাতে ও গতকাল রোববার এসব দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে গত ১৯৪ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৪০। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে গতকাল ভোরে ঢাকা থেকে পিরোজপুরগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে তিনজন নিহত হন। তাঁরা হলেন মহিউদ্দিন (৪৫), তাঁর পাঁচ বছরের ছেলে রাহাত এবং বাসচালকের সহকারী শিমুল (৩০)। এ দুর্ঘটনায় ২৫ জন আহত হন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক তন্ময় সাহা বলেন, বাসটি গোল্ডেন লাইন পরিবহনের।

খুলনা নগরের রূপসা সেতুর বাইপাস সড়কের সুড়িখালী এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা খায় একটি মোটরসাইকেল। মোটরসাইকেলের দুই আরোহী বয়রা পূজাখোলার আকাশ ও ফাহিমকে লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁরা দুজনই পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আকাশের বাবা মো. ইউসুফ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং ফাহিমের বাবা পুলিশ বাহিনীতে কর্মরত। আকাশ ও ফাহিম মোটরসাইকেলে করে সাচিবুনিয়া থেকে রূপসা সেতুর দিকে যাচ্ছিলেন।

খুলনা-পাইকগাছা সড়কের মাগুরাঘোনায় দুপুরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে একটি বাসের চালক রবিন বসু (৫০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি পাইকগাছাগামী বাসের চালক ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় সকালে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় রবিউল ইসলাম (২৮) নামের সোয়েটার কারখানার এক শ্রমিক নিহত হন। তিনি রংপুরের পীরগঞ্জের রহিমপুরের মো. আবুল হোসেনের ছেলে। পুলিশ বলেছে, রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি রবিউলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নরসিংদীর শিবপুরের ইটাখোলায় দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। তাঁর পরনে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি।

শনিবার রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় হরিচাঁদ বর্মণ (৩২) নামের এক জেলে নিহত হন। তাঁর বাড়ি চাঁচড়া জেলেপাড়ায়।