
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় পাঁচ জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বরগুনায় ২৪ হাজার ৭০০ হেক্টর জমির আমন ধানসহ রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের জেলা ঝালকাঠিতে হয়েছে প্রায় ১১ হাজার হেক্টর জমির আমনের।
পটুয়াখালীতে ৫৩ হাজার ১৫৫ হেক্টর জমির আমন ও ১ হাজার ৪১২ হেক্টর জমির শাকসবজি ক্ষতির মুখে পড়েছে। পিরোজপুরে তিন হাজার হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যশোরের অভয়নগরে মাঠের পর মাঠ পাকা ধানখেত পানিতে তলিয়ে গেছে। পুরো ক্ষয়ক্ষতির হিসাব কষছে কৃষি বিভাগ।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।
বরগুনা: খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গতকাল রোববার সকালে উপকূল অতিক্রম করে। তবে শুক্রবার থেকেই এর প্রভাবে উপকূলে অবিরাম বর্ষণ শুরু হয়।
বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় এবার ৯৮ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়। এর মধ্যে ২৪ হাজার ৭০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুই হাজার হেক্টর জমির খেসারির পুরোটাই ক্ষতির মুখে পড়েছে। রবি ফসলের ক্ষতি হয়েছে ৭০০ হেক্টর জমির।
সদর উপজেলার বড় হাজারবিঘা গ্রামের কৃষক নূরুল হক বলেন, তিনি প্রায় দুই একর জমিতে আমনের আবাদ করেছিলেন। ঝোড়ো হাওয়া ও তিন দিনের প্রবল বর্ষণে সবই মাটিয়ে হেলে পড়েছে। ফলে দানা চিটে হয়ে যাবে।
আমতলী ও তালতলী দুই উপজেলায়ও আমন ও রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, উপজেলার ১৯ হাজার হেক্টর জমির আমন ধান ও ২০০ হেক্টর জমির সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
তালতলীর গাবতলী গ্রামের কৃষক ইসহাক হাওলাদার বলেন, নিচু জমিগুলোতে পানি জমে গেছে। তা আরও দু-তিন দিন স্থায়ী হলে ধানগাছের গোড়ায় পচন ধরবে।
ঝালকাঠি: জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, জেলায় এবার ২২ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। তাৎক্ষণিক মূল্যায়নে ৫০ ভাগ জমিতে ক্ষয়ক্ষতির তথ্য এসেছে। তবে ঝালকাঠি কৃষি উপপরিচালক শেখ আবু বকর বলেন, পরবর্তী সময়ে সরেজমিন পরিস্থিতি দেখে মনে হয়েছে, ১০ ভাগের বেশি আমন খেতের ক্ষয়ক্ষতি হয়নি।
রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক আল আমিন বলেন, ‘আড়াই একর জমিতে আমন ধান রোপণ করেছিলাম। অর্ধেকই মাটিতে লুটিয়ে পড়েছে। ...বৃষ্টি যদি আরও কয়েক দিন অব্যাহত থাকে, তবে পুরো খেতের ধানই নষ্ট হবে।’
উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আরেক কৃষক মো. খোকন বলেন, ‘ধারদেনা ও ঋণ করে জমিতে ধান আবাদ করেছিলাম। এখন কী দিয়ে তা পরিশোধ করব আর কীভাবে পরিবারের ভরণপোষণ করব, কিছুই বুঝতে পারছি না।’
বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইনুর আজম খান বলেন, ‘প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আরও দু-চার দিন সময় লাগবে। তবে কৃষকেরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আমার ধারণা।’
পটুয়াখালী: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার ৮ উপজেলায় ২ লাখ ১০ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমনের আবাদ এবং ৩ হাজার ৫৩০ হেক্টরে শাকসবজির চাষ হয়। ৫৩ হাজার ১৫৫ হেক্টর জমিতে আমন ফসল হেলে পড়েছে। অতিবৃষ্টি ও জোয়ারের পানি এসব খেতে জমে থাকায় ক্ষয়ক্ষতি আরও বাড়বে। এ ছাড়া জেলায় ১ হাজার ৪১২ হেক্টর জমির শাকসবজি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাউফল উপজেলায়। এখানে ১২ হাজার ৫৬০ হেক্টর জমির আমন ও ৩০০ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙ্গাবালী উপজেলায় ৯ হাজার ৯৪০ হেক্টর জমির আমন ও ১১৫ হেক্টর জমির শাকসবজি; সদর উপজেলায় ৬ হাজার ৬০০ হেক্টর জমির আমন ও ২০০ হেক্টর জমির শাকসবজি; গলাচিপায় ৭ হাজার ৩৭০ হেক্টর জমির আমন ও ১০৪ হেক্টর জমির শাকসবজি; কলাপাড়ায় ৮ হাজার ৭০৩ হেক্টর জমির আমন ও ১১৫ হেক্টর জমির শাকসবজি; দশমিনায় ৪ হাজার ৭০ হেক্টর জমির আমন ও ১৪০ হেক্টর জমির শাকসবজি; মির্জাগঞ্জে ২ হাজার ৩৯০ হেক্টর আমন ও ১০০ হেক্টর জমির শাকসবজি এবং দুমকি উপজেলায় ১ হাজার ৫২৫ হেক্টর জমির আমন ও ১১৫ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল রোববার সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বসাকবাজার এলাকায় গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ আমন খেতে বৃষ্টির পানি জমে আছে। হেলে পড়েছে ধানগাছ।
স্থানীয় কৃষক মো. নুর ইসলাম মিস্ত্রি বলেন, দ্রুত পানি না সরলে এসব ধানগাছ নষ্ট হয়ে যেতে পারে।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর প্রথম আলোকে বলেন, ক্ষতি যাতে কম হয়, সে জন্য কৃষি কর্মকর্তা ও মাঠকর্মীরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
পিরোজপুর: পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় তিন হাজার হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে পিরোজপুর সদর উপজেলার ৪৮০ হেক্টর, জিয়ানগর উপজেলার ২৬০ হেক্টর, কাউখালী উপজেলার ২২৫ হেক্টর, নেছারাবাদ উপজেলার ৩৩০ হেক্টর, নাজিরপুর উপজেলার ৩২৫ হেক্টর, ভান্ডারিয়া উপজেলার ৪৯০ হেক্টর ও মঠবাড়িয়া উপজেলার ৮৯০ হেক্টর। এ ছাড়া মঠবাড়িয়া উপজেলায় রবি ফসল ও শাকসবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, রোদ পেলে হেলে পড়া ধান খেতে আবার জেগে উঠবে। সেটা হলে তেমন একটা ক্ষতি হবে না।
যশোর: অভয়নগর কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এবার আমন ধানের চাষ হয় ৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে। ভবদহ এলাকার জলাবদ্ধতায় ৩ হাজার ৮৬০ হেক্টর জমির ফসল আগেই নষ্ট হয়ে যায়। বাকি ৩ হাজার ৫১০ হেক্টরের মধ্যে গত দুই দিনের বৃষ্টিতে কত হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার হিসাব তাদের কাছে নেই।
গতকাল রোববার সরেজমিনে উপজেলার পাইকপাড়া, ভাটপাড়া ও কোদলার বিলে দেখা যায়, বেশির ভাগ খেতের ধানই পেকে গেছে। অনেক খেতে কৃষক ধান কেটে শুকাতে দিয়েছেন। কিন্তু পানি জমে যাওয়ায় ধানগাছগুলো ভাসছে। অনেক খেতে ধানগাছ নুয়ে পড়েছে। তবে অনেক খেতে ধানগাছ দাঁড়িয়ে আছে।
কৃষকেরা জানান, আগাম জাতের ব্রি-৩৩, ব্রি-৩৯, ব্রি-৫৬ ও ব্রি-৬২ ধান এরই মধ্যে পেকে গেছে। কিন্তু কয়েক দিন ধরে মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কৃষকেরা ধান কাটতে দেরি করছিলেন। এর মধ্যেও যাঁরা ধান কেটে খেতে শুকাতে দিয়েছিলেন, বৃষ্টিতে তাঁরাই বেশি ক্ষতির শিকার হয়েছেন।
ভাটপাড়া গ্রামের আনন্দ দাস দেড় বিঘা জমির আমন ধান কেটে খেতে শুকাতে দিয়েছিলেন। সবই এখন পানিতে ভাসছে। তিনি বলেন, ‘ধান গজিয়ে (অঙ্কুরোদ্গম) গেছে। ধানগাছ পচে গেছে। ধানগাছ দিয়ে এবার বিচালি (খড়) হবে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, ‘নিচু খেতে পানি জমে গেছে। অনেক খেতে ধানগাছ নুয়ে পড়েছে। তবে দাঁড়িয়ে থাকা ধানের তেমন কোনো ক্ষতি হবে না।’