পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ৯
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় গতকাল সোমবার ও আগের দিন রোববার নয়জন মারা গেছেন। তাঁদের মধ্যে নেত্রকোনায় তিন শিক্ষার্থী, হবিগঞ্জে শিশুসহ দুজন, কুমিল্লায় দুই তরুণ, জামালপুরে গৃহবধূ ও কিশোরগঞ্জে এক কিশোর রয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
নেত্রকোনা: নিহত তিন শিক্ষার্খী হলো পূর্বধলা উপজেলার ঘাগড়া চরপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাসুম মিয়া (১৪), ঘিরিআসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাফাত মিয়া (১৫) ও আগিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুম বিল্লাহ (১৫)।
ঘাগড়া গ্রামের রাহাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার কয়েকজন আবাসিক ছাত্র রোববার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও আজিজুল ইসলাম (১৫) নামের একজন আহত হয়। সে কাঁঠালকুচি গ্রামের আবদুস সালামের ছেলে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জ: নিহত দুজন হলেন সদর উপজেলার চানপুর গ্রামের আরমান আলী (৩৫) ও মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের সফিকুল ইসলামের মেয়ে মীম আক্তার (৮)। গতকাল দুপুরে বাড়ির পাশে দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আরমান আলী মারা যান। বিদ্যালয় থেকে মা সুপর্ণা আক্তারের (৩২) সঙ্গে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মীম আক্তার নিহত হয়। এতে সুপর্ণা আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন ও মাধবপুর থানার ওসি মনির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দাউদকান্দি (কুমিল্লা): নিহত দুজন হলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু গ্রামের আবদুল কাদেরের ছেলে বাবুল মিয়া (২১) ও কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপী গ্রামের ইসলাম মোল্লার ছেলে রাসেল মোল্লা (২০)।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী গ্রামের কাছে গোমতী নদীতে বালু তোলার সময় গতকাল বিকেল চারটার দিকে বজ্রপাতে বাবুল মিয়া (২১) মারা যান। তিতাসের মৌটুপী গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রাসেল মোল্লা নিহত হন। বজ্রপাতের প্রচণ্ড শব্দে দাউদকান্দির পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকদের সহযোগিতায় সে সুস্থ হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাছির উদ্দিন দুজন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
জামালপুর: গতকাল সকাল ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার উজান পানাতিয়া পাড়া গ্রামে রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে রেজিয়া খাতুন (৪০) নামের এক গৃহবধূ মারা যান। তাঁর স্বামীর নাম মৌলভী মিয়া।
কিশোরগঞ্জ ও নিকলী: গতকাল বেলা ১১টার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশের খালে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে ফারুক মিয়া (১৩) মারা যায়। অন্যদিকে বৃষ্টির সময় স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে নিকলী উপজেলার তুর্কি নোয়াপাড়া গ্রামে দুই বোনসহ তিন ছাত্রী আহত হয়েছে। আহত দুই বোন হলো আমিনুল ইসলামের মেয়ে নাভানা আক্তার ও শামীমা আক্তার। অপর আহত ছাত্রী হলো আলতাফ উদ্দিনের মেয়ে তুর্কি আক্তার। তারা আলিয়াপাড়া এ বি নূরজাহান উচ্চবিদ্যালয়ের ছাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরশাদ উল্লাহ বলেন, তিন ছাত্রীর মধ্যে শামীমার অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।
করিমগঞ্জ থানার ওসি দীপক মজুমদার বজ্রপাতে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।