পাঁচ জেলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও জড়িত থাকার অভিযোগে নোয়াখালী, পটুয়াখালী, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বিএনপি এবং জামায়াত-শিবিরের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ও গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: নোয়াখালীর নয়টি থানা এলাকা থেকে বিএনপির পাঁচজন ও জামায়াতের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে অভিযান চালিয়ে সোনাইমুড়ী, চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একজন করে, বেগমগঞ্জে ছয়জন, চরজব্বারে দুজন ও সেনবাগে চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী গতকাল মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।পটুয়াখালী: জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. ইউনুচকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। রাত নয়টার দিকে কাশিপুর বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নীলফামারী: ছাত্রশিবিরের নীলফামারী জেলা কমিটির সহ-সাংস্কৃতিক পরিচালক আবু মুসা এবং সংগঠনের মোবারক আলী নামের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে সোমবার রাতে জেলা জামায়াতের কার্যালয় থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহ্ মুহাম্মদ রোস্তম আলী ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে পৌর শহরের পৃথক দুটি বাসা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বাড়ি এই উপজেলায়। সম্প্রতি তিনি ঢাকায় গ্রেপ্তার হওয়ায় এখানে জামায়াত নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে—এ আশঙ্কায় ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কুড়িগ্রাম: নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামে সোমবার রাতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে ভুরুঙ্গামারীতে তিনজন, ফুলবাড়ীতে দুজন, উলিপুরে একজন ও সদর উপজেলা থেকে চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।