পাঁচ জেলায় মেয়র পদে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ঝিনাইদহে তিনজন, সাতক্ষীরায় দুজন, পিরোজপুরে দুজন, গোপালগঞ্জে দুজন ও ফরিদপুরে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া কাউন্সিলর পদে পিরোজপুরে একজন ও যশোরের নওয়াপাড়ায় পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: গতকাল রোববার মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত নজীবউদ্দৌলা নাসের, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম বিশ্বাস ও জাসদের প্রার্থী রমজান আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, হলফনামা ও অন্যান্য কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সাতক্ষীরা: রিটার্নিং কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক বলেন, আইন অনুযায়ী সদরের মেয়র প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা তাঁর সমর্থনে ১০০ জনের তালিকা দেন। তাতে পাঁচজনের সই জাল প্রমাণিত হয়েছে।
তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই কারণে গত শনিবার কলারোয়ায় মেয়র প্রার্থী উপজেলা জামায়াতের সাবেক আমির ইমান আলী শেখের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): রিটার্নিং কর্মকর্তা মানিকহার রহমান বলেন, ‘জেলা সদরে বিএনপির মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাকের জন্ম তারিখ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। তিনি এইচএসসি পাসের যে সনদ দিয়েছেন, তাতে পাসের সাল ১৯৬০। আমাদের কাছে সনদটি জাল মনে হয়েছে। এ ছাড়া রাজ্জাকের মনোনয়নপত্রে সমর্থনকারী তাঁর স্ত্রী একজন সরকারি চাকরিজীবী। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।’ এ ছাড়া স্বরূপকাঠিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত মেয়র প্রার্থী মো. ছিদ্দিকুর রহমানের মনোনয়নপত্রের প্রস্তাবকারী ও সমর্থনকারীর সই না থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
লোহাগড়া (নড়াইল): বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তৌফিকুল ইসলামের আয়কর রিটার্নের সঙ্গে হলফনামার তথ্যের গরমিল থাকায় তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০০ জনের সই ও জাতীয় পরিচয়পত্র জমা দিতে হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসের দাখিল করা স্বাক্ষরকারীদের মধ্যে পরিচয়পত্রের একই নম্বরে আলাদা দুজন ব্যক্তির নাম রয়েছে। তাই তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): ফরিদপুরের নগরকান্দার বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্যার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
অভয়নগর (যশোর): নওয়াপাড়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঁচজনের মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল হয়েছে। তাঁরা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ শেখ, কামাল হোসেন, মিজান মোল্যা, মো. আমিনুর রহমান ও মিজানুর রহমান।