ফরিদপুরের মধুখালী ও সদর উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বগুড়ার শেরপুর, বরিশালের উজিরপুর, বরগুনা ও সিরাজগঞ্জ সদরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। মেহেরপুর শহরে গতকাল বাস উল্টে তাবলিগ জামাতের ৪২ জন মুসল্লি আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার সবরিকান্দি এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী যশোরের ঝিকরগাছার রবিউল ইসলাম (৩৫), মাগুরার মহাম্মদপুরের গোলাম গাউস (৩২), সাতক্ষীরা সদরের হাবিবুর রহমান (৩২) ও অজ্ঞাতনামা একজন নিহত হন। একই দিন ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদরের মুন্সিরবাজার এলাকায় একটি মাইক্রোবাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাভেনটিজের ফরিদপুরের বিক্রয় প্রতিনিধি ইকবাল হোসেন (৩৫) নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহানা বেগম আহত হন।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় গত শনিবার ট্রাকের ধাক্কায় উপজেলার শাহানগর গ্রামের বছির উদ্দিনের স্ত্রী সখিনা খাতুন (৬০) নিহত হন।বরিশাল: উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন কলেজ রোডের চৌমাথা এলাকায় গত শনিবার মিশুকের ধাক্কায় মো. মহব্বত হাওলাদার (৭৫) নামের একজন পথচারী নিহত হন। তাঁর বাড়ি একই উপজেলার দাসেরহাট এলাকায়।বরগুনা: বামনা-কাকচিঁড়া সড়কের সরদারপুল এলাকায় গত শনিবার একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী কাওসার (৮) নিহত হয়।সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে গত শনিবার মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক ফজলুল হক নিহত হন।মেহেরপুর: মেহেরপুর শহরের প্রবেশমুখে চাঁদবিল এলাকায় গতকাল রোববার তাবলিগের মুসল্লিদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই বাসের ৪২ জন মুসল্লি আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাইফুল ইসলাম ও তাঁর ভাই মুহাম্মদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের বাড়ি ঢাকার দোহারে। আহত অন্যদের বাড়ি ময়মনসিংহ, নেত্রকোনা ও শরীয়তপুরে। এতে বাসের চালক গোলাম মোস্তফা ও তাঁর সহকারী আবদুল খালেকও আহত হন। তাঁদের বাড়ি ঝিনাইদহে।