পাঁচ জেলায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর নামক স্থানে গতকাল বুধবার সকালে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এই তিনজনসহ পাঁচ জেলায় গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ৬৮ দিনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬০৬। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা-ঢাকা মহাসড়কে পাবনার আতাইকুলা ইউনিয়নের মধুপুর এলাকায় সকালে একটি বাস উল্টে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার কাশিনাথপুর বরাট গ্রামের আবু মুছা (৪০), সাঁথিয়া উপজেলার বোয়ালিয়া হাটবাড়িয়া গ্রামের আবদুল মমিন (৩৫) এবং আতাইকুলা ইউনিয়নের মঙ্গল গ্রামের ইশারুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জেলার কাজিরহাট বাসস্ট্যান্ড থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। ঘটনাস্থলে এসে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীর সবাই আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে তিনজন মারা যান।
নীলফামারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী আনারুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। দুপুরে জেলা সদরের পলাশবাড়ি ইউপির অদূরে এ দুর্ঘটনা ঘটে। আনারুল পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্রের উদ্যোক্তা এবং একই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেশমা খাতুন বলেন, বেলা পৌনে দুইটার দিকে আনারুলকে তাঁর স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ঝিনাইদহে দুর্ঘটনায় মির্জা শামছুর রহমান (৪০) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মির্জা শামছুর রহমান ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মির্জা সিরাজুল হকের ছেলে।
মাগুরায় দুর্ঘটনায় মীর আতাহার আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার শেখপাড়ায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুর রউফ প্রথম আলোকে জানান, আতাহার আলী মানসিক রোগী ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে শেখপাড়া বাসস্ট্যান্ডের কাছে একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
ফেনীতে গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় মো. আক্তার হোসেন (৪৫) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে।
পুলিশ জানায়, রাত একটার দিকে ফতেহপুর নামক স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি চলন্ত মালবাহী ট্রাককে ধাক্কা দেয়।