পাঁচ জেলায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী, সাতক্ষীরা, শেরপুর, নড়াইল ও টাঙ্গাইলে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: শুক্রবার রাত তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে সড়কের পাশে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে সাব্বির (২৪) ও নজরুল (৩০) নামে দুই যাত্রী ঘটনাস্থলে নিহত ও অপর ৩০ জন আহত হন। নিহত ব্যক্তিদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা: শুক্রবার সকাল ১০টার দিকে একটি ভ্যানে করে ভাতশালায় যাওয়ার পথে কালীগঞ্জ থেকে আসা একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা মারলে ভ্যানচালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে তাদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিশু ইউনুস আলীর মৃত্যু হয়। ইউনুস সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের আবদুস সবুরের ছেলে। একই দিন দুপুর দেড়টায় যশোর-সাতক্ষীরা সড়কের মাধবকাটি জামে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা জাহাঙ্গীর হোসেনকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জাহাঙ্গীর সাতক্ষীরা সদরের মুকুন্দপুর গ্রামের মোকছেদ কারিগরের ছেলে।শেরপুর: শেরপুর-ঝিনাইগাতী সড়কের সদর উপজেলার মির্জাপুর এলাকায় শুক্রবার ভোরে মাইক্রোবাস উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে চালক হাদিউল ইসলামের (২৫) মৃত্যু হয়। তিনি বাজিতখিলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে। নড়াইল: খুলনা-কালনা সড়কের নড়াইল শহরতলী বাসভিটা নামক স্থানে দ্রুতগামী বাসের ধাক্কায় একটি ট্রাক্টর উল্টে পথচারী সুজাতার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। চিকিত্সার জন্য সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জনতা উত্তেজিত হয়ে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। পরে প্রশাসন বাসভিটা এলাকায় গতিরোধক ও বাসটি আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।ঘাটাইল (টাঙ্গাইল): উপজেলার গারোবাজারে গতকাল শনিবার দুপুরে একটি কলাবোঝাই ট্রাক উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে আলতাব হোসেন (৩২) নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়। তাঁর বাড়ি মধুপুরের পিরিচপুর গ্রামে।