পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা, জামালপুর, চুয়াডাঙ্গা, ও ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। টাঙ্গাইলে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর গিয়াস উদ্দিন মণ্ডল গিনিসহ দুজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই পথচারী কুটুম্বপুর গ্রামের সফিউদ্দিন (৫২) ও আনোয়ারা বেগম (৫০) নিহত হন। বেলা একটার দিকে একই স্থানে বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। জামালপুর: জামালপুর-টাঙ্গাইল সড়কের বেলটিয়া টিউবওয়েলপাড় মোড়ে গতকাল বেলা দুইটার দিকে একটি পিকআপ একটি টেম্পোকে ধাক্কা দেয়। এতে টেম্পোযাত্রী আবদুস সোবহান (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি বেলটিয়া মণ্ডলবাড়ি এলাকায়। দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর গিয়াস উদ্দিন মণ্ডল গিনি (৫৫) শুক্রবার ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষার উত্তরপত্র নিয়ে মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে টাঙ্গাইলের মির্জাপুরের গড়াইয়ে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসের চালক মোজাফ্ফর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গিয়াস উদ্দিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মোড়ে গতকাল বেলা ১১টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন হোসেন (৩৪) নামে জর্দান-প্রবাসী এক তরুণ নিহত হয়েছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে গতকাল বেলা তিনটায় একটি ব্যক্তিগত গাড়ি এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ির আরোহী শাহ আলম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। একই মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরে গতকাল সকাল ১০টার দিকে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মো. ছালেক মিয়া (১২) নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। সে দক্ষিণ ইসলামাপুর গ্রামের মো. আয়ুব আলীর ছেলে।