পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১
সুনামগঞ্জের জগন্নাথপুর, চট্টগ্রামের পটিয়া, দিনাজপুরের ঘোড়াঘাট, পাবনা ও চাঁদপুরে গত শুক্রবার ও গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জগন্নাথপুর (সুনামগঞ্জ): সিলেটের চন্দ্রছড়ির ওরস শরিফ থেকে বাসযোগে বাড়ি ফেরার পথে গতকাল ভোরে সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাবরু মিয়া (৭৫), তাঁর স্ত্রী গুলনাহার বিবি (৬৫), পৌর এলাকার বিরাই উল্যা (৬৫) ও দুলু বিবি (৬০) নিহত হন। আহত ৪০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে পটিয়ার ভাইয়ারদীঘি এলাকায় গতকাল সকাল ১০টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পটিয়ার রিকশাচালক জাহাঙ্গীর আলম (৪৫) ঘটনাস্থলে এবং আহমদ নুর (৩৫) ও পলাশ রুদ্র (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ দুর্ঘটনায় আহত হন ১৫ জন। এদের নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং ছয়জনকে চন্দনাইশ বিজিসি ট্রাস্টে ভর্তি করা হয়েছে। ঘোড়াঘাট (দিনাজপুর): ঘোড়াঘাট উপজেলা শহরের টিঅ্যান্ডটি মোড়ে গতকাল সকালে ঢাকা থেকে দিনাজপুরগামী ডালবোঝাই একটি ট্রাক বিপরীতমুখী আরেকটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ট্রাকের ওপর থাকা তিনজন যাত্রী ছিটকে পড়েন। এর মধ্যে বিজয় মুর্মু (৩০) ও মফিদুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই নিহত হন। পাবনা: কক্সবাজার থেকে পাবনা সদর উপজেলার মালিগাছা মজিদপুর জামে মসজিদে আসা তবলিগ জামাতের সদস্য মুস্তাক আহম্মেদ (৭০) গতকাল দুপুরে মসজিদের পাশে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর বাড়ি কক্সবাজারের রামু থানার মেঘাইছড়ি গ্রামে।চাঁদপুর: সদর উপজেলার দেবপুর বাজার এলাকায় শুক্রবার রাতে কচুয়া থেকে চাঁদপুরগামী ঈগল পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শেফালী রানী সাহা (৩৬) নিহত ও ১০ জন আহত হন।