পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল, বরিশালের উজিরপুর, বগুড়ার শাজাহানপুর ও শেরপুর, সাতক্ষীরার কলারোয়া এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুরে গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের চারজন আরোহী নিহত হন। নিহতরা হলেন নজরুল ইসলাম (৪০), আবদুল জব্বার (৩২) ও হায়দার আলী (২৫) এবং আলাল উদ্দিন (২৫)। তাঁরা কম ভাড়ায় ট্রাকে যাচ্ছিলেন।ওই দিন রাত নয়টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে একটি বাসের চাপায় এক নারী এবং বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ভূঞাপুর মোড়ে ট্রাকের চাপায় আরও একজন পথচারী মারা যান। তাঁদের পরিচয় জানা যায়নি।বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে নিহত হন ট্রাকচালকের সহকারী মো. টুলু (২৫) ও ব্যবসায়ী আলমগীর হোসেন (২২)।বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে একটি বিকল বাসকে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে বাসের নিচে থাকা চালক ও চালকের সহকারী নিহত হন। নিহতরা হলেন মোতাহার আলী (৩৩) ও শামীম আহম্মেদ (৩০)।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় মাইক্রোবাসের চাপায় ইসমাইল হোসেন (১৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।সাতক্ষীরা: যশোর-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট স্কুলের কাছে গত বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটার দিকে একটি ব্যক্তিগত গাড়ি সজল দাস (৬) নামের একটি শিশুকে চাপা দেয়। সাতক্ষীরা সদর হাসপাতালে রাত আটটার দিকে সে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকায় গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বাসের চাপায় যতীন কর্মকার (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।