পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা, ময়মনসিংহের নান্দাইল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: বেলা তিনটার দিকে ধরমপাশা উপজেলা সদরের কংস সেতু-সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মজিদা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. রুবেল মিয়া বলেন, কংস সেতু-সংলগ্ন সড়কে চালক তাঁর ইজিবাইকটি রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় যাত্রীদের মধ্যে থাকা রকি মিয়া (১০) নামের এক শিশু ইজিবাইকের পিকআপ ধরে টান দিলে ইজিবাইকটি সড়কের নিচে পড়ে উল্টে যায়। এতে ইজিবাইকের ভেতরে থাকা মজিদা খাতুন আহত হন। পরে তাঁকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চালক ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছেন। নিহত নারীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ: নান্দাইল পৌর শহরে নছিমন উল্টে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি নান্দাইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউগড়া মহল্লায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পৌর শহরের জলসিঁড়ি পরিবহনের বাসস্ট্যান্ডের কাছে একটি গর্তে ঝাঁকুনি খেয়ে নছিমনটি উল্টে যায়। এতে যাত্রী দুলাল আহত হন। তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চাপায় অন্তরা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বেলা একটার দিকে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের কায়েতপাড়া ইউনিয়নের বাওয়ালীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অন্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম বলেন, ডেমরা-কালীগঞ্জ সড়কের বাওয়ালীয়া পাড়া এলাকায় অন্তরা রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই অন্তরার মৃত্যু হয়। পুলিশ অটোরিকশাটি আটক করেছে। চালক পলাতক। নিহত অন্তরার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
চুয়াডাঙ্গা: বেলা ১১টার দিকে সদর উপজেলার আলোকদিয়া বাজারের কাছে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি আলমসাধুর (লেগুনা) চালক নিহত হয়েছেন। তাঁর নাম আজিজুল হক (৩০)। তাঁর বাড়ি জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আলমসাধু নিয়ে আজিজুল চুয়াডাঙ্গা থেকে হাপানিয়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে একটি ট্রাক হঠাৎ থেমে গেলে আলমসাধুটি ট্রাকটির পেছনে ধাক্কা খায়। এতে আজিজুল আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পরপরই আজিজুলের মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা বলেন, হাসপাতালে নিয়ে আসার পরপরই আজিজুলের মৃত্যু হয়।
বাগেরহাট: বেলা ১১টার দিকে সদর উপজেলার বারাকপুর এলাকায় বাগেরহাট-খুলনা সড়কে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক টেম্পোচালক নিহত ও বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তাকদীর ফকির (২০)। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়েড়া গ্রামে
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজেদ আলী বলেন, পিরোজপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা একটি টেম্পোকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে টেম্পোটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহত টেম্পোচালক তাকদীরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর ধরমাপাশা (সুনামগঞ্জ), নান্দাইল (ময়মনসিংহ), নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা ও বাগেরহাট প্রতিনিধি)