পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
পাঁচটি জেলায় আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে ঝালকাঠির রাজাপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। অন্যদিকে ফরিদপুর সদর এবং সাতক্ষীরার শ্যামনগরে, গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। আর বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় এক কারারক্ষীর মৃত্যু হয়। আহত হন জেলারসহ দুজন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও কার্যালয় থেকে পাঠানো খবর
ঝালকাঠি: প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, উপজেলার পিংড়ি এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কের বিকেল চারটায় খুলনাগামী সাউথ বেঙ্গল পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সজিব হাওলাদার ও খলিল মিয়া নামের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। তাঁরা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা খলিল মিয়ার স্ত্রী শারমিন আক্তারও।
ওসি বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে এর চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাসেল মাহমুদ প্রথম আলোকে বলেন, নিহত সজিব ও খলিলের মাথা ও বুকে আঘাত লাগে। এ ছাড়া তাঁদের দুজনের হাত-পা ভেঙে গেছে। শারমিনের মাথা ও হাতে আঘাত লেগেছে। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত।
নিহত সজিবের বাবা সেলিম হাওলাদার জানান, তাঁর জামাতা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। কোরবানির ছুটি শেষে আজ ঝালকাঠিতে লঞ্চ ধরার জন্য তাঁরা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সজিব মোটরসাইকেল চালাচ্ছিল।
ফরিদপুর: করিমপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম বলেন, সদরের মল্লিকপুর এলাকায় দুপুর ১২টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এমএম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে এমএম পরিবহনের বাসটি রাস্তার পাশে পড়ে যায় এবং অন্য বাসটি পালিয়ে যায়। এ সময় পথচারী জয়নাল এমএম পরিবহনের বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শী একই এলাকার মো. শফিক মোল্লা বলেন, শ্যালো মেশিনের জন্য ডিজেল কিনতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন কৃষক জয়নাল শেখ (৫৮)।
সাতক্ষীরা: শ্যামনগর থানার ওসি ইনামুল হক জানান, শ্যামনগর উপজেলায় খানপুর বাসস্ট্যান্ডে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বেলা দুইটার দিকে বাস-চাপায় ফারুক গাজী (২৪) নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি উপজেলায় সদর ইউনিয়নের মিঠা চণ্ডীপুর গ্রামে। বাসটি শ্যামনগর থেকে সাতক্ষীরা যাচ্ছিল।
গোপালগঞ্জ: সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের শালবরাটে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক সোহেল মোল্লা (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি কোটালীপাড়া পৌরসভার জালাল মোল্লার ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোহেল মোল্লা ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সকালে তিনি ভাড়া নিয়ে কাশিয়ানীতে যান। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সোহেল মোল্লা।
রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাদী মো. আবদুল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাট: বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আবদুল মান্নান ফরাজি জানান, বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার আবু সায়েম দুই কারারক্ষীসহ গোপালগঞ্জ থেকে একটি প্রাইভেট কারে করে বাগেরহাটে আসছিলেন। এ সময় ফকিরহাট উপজেলার কানারপুকুর তৈয়বের বটতলা এলাকায় পৌঁছালে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফাল্গুনি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেট কারের চালক কারারক্ষী আহসান (৩০) ঘটনাস্থলেই মারা যান। নিহত আহসানের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়।
ওসি জানান, জেলার আবু সায়েমকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে এবং অপর কারারক্ষী জিয়াউলকে স্থানীয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।