পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নাটোর, গোপালগঞ্জ, কুমিল্লার দাউদকান্দি, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর: রাজশাহী থেকে নাটোরগামী হুমায়রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল বিকেলে নাটোরের একডালা এলাকায় বিপরীতগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুজন আরোহী মোস্তফা আকন্দ ও পিন্টু ঘটনা স্থলেই মারা যান।গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গতকাল বিকেলে রাস্তা পার হওয়ার সময় শান্তি বাইন (২৮) নামের এক গৃহবধূকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গতকাল ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি টেম্পুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টেম্পুর যাত্রী তিতাস উপজেলার আসমানিয়া গ্রামের বেলায়েত হোসেন (৪৫) মারা যান।গোবিন্দগঞ্জ: গত মঙ্গলবার গভীর রাতে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবজিবাহী একটি মিনি ট্রাক গোবিন্দগঞ্জ উপজেলার বোগদহ কলোনির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোকলটলি গ্রামের সৈয়দ সোহেল মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যান। উল্লাপাড়া: মঙ্গলবার রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ফুডভিলেজ হোটেল-২-এর পাশে কোচ যাত্রী আফছার আলী (৪২) খাবার কেনার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আরেকটি কোচ তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।