পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ ও সিরাজগঞ্জে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন। 

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

গৌরনদী(বরিশাল): ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় গতকাল সকাল সোয়া সাতটার দিকে পত্রিকাবাহী মাইক্রোবাস ও ঢাকাগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আহত হন আরও অন্তত ছয়জন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অধীর চন্দ্র হাওলাদার বলেন, নিহত দুই ভাই হলেন পিকআপের যাত্রী আবুল হোসেন (৭০) ও ইসমাইল হোসেন (৫০)। তাঁদের বাড়ি উজিরপুর উপজেলার হস্তীশূন্ড গ্রামে।

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার দুতিয়াপুর গ্রামের আবদুল ওয়াদুদ (৩০) ও বরুড়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের আলী আক্কাস (৬০)।

রাজশাহী: জেলার পবা উপজেলার নওহাটা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নকুল আলী (৪৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহমখদুম থানার ওসি আবদুর রউফ বলেন, নওগাঁর দিক থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহী নগরের দিকে আসছিল। অন্যদিকে নগর থেকে একটি অটোরিকশা নওহাটার দিকে যাচ্ছিল। একপর্যায়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।  

ময়মনসিংহ: জেলার ভালুকা উপজেলার জমিরদিয়া এলাকায় বাসচাপায় মোশাররফ হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলার ভোগড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের জামিরদিয়া এলাকায় লেগুনা থেকে নামার পর একটি বাস মোশাররফকে চাপা দেয়।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার এলাকায় গতকাল ভোর ছয়টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক সাগর আলী নিহত হন।