পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ জেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজনের কাছ থেকে এ তথ্য জানা গেছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

পাবনা: সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে গতকাল দুপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। নিহত যাত্রীদের চারজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সদর উপজেলার আতাইকুলার লক্ষ্মীপুর গ্রামের গোপাল হাওলাদারের স্ত্রী শঙ্খ রানী (৫০), তাঁর মেয়ে বিজলি রানী (৩৫), বিজলির শিশুসন্তান আকাশ (১০) এবং পাবনা সদর উপজেলার চর মুর্শিদাবাদ গ্রামের ফরিদ হোসেন (২৫)।

 পাবনা থেকে নাইট স্টার নামে যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিল। এ সময় নগরবাড়ী থেকে পাথরবোঝাই ট্রাকটি আসছিল পাবনার দিকে। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুর্ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লোহাগড়া (নড়াইল): উপজেলায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম অনিল চৌকিদার (৭৫)। বাড়ি নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামে। গতকাল দুপুরে লোহাগড়া-নড়াইল সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার এসআই মিহির কান্তি পাল বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নীলফামারী: কিশোরগঞ্জ উপজেলায় নৈশকোচের ধাক্কায় আয়নাল হক (৬০) নামের এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার চাঁদখানা বুড়িরহাট গ্রামে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাড়ের হাট এলাকায় রংপুর-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলুর বস্তা গাড়িতে তোলার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আয়নাল। এ সময় ঢাকাগামী মায়ের দোয়া নামের কোচটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বিক্ষুব্ধ লোকজন কোচটি আটক করলেও চালক পালিয়ে যান।

সিলেট: বিয়ানীবাজার উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনাস্থলেই উপজেলার সুতারকান্দি গ্রামের আবদুল হাফিজ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ছাড়া ১০ জন আহত হন। তাঁদের মধ্যে ছইফ আলম, ওয়াহাব আলী ও আবদুন নূরকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতুর পাশে অবস্থিত মেওয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের উছলাপাড়া এলাকায় গতকাল দুপুরে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। তিনি হলেন উপজেলার পাইকপাড়া গ্রামের লাইলি বেগম (৬০)। এ ছাড়া তিন যাত্রী আহত হন। তাঁরা হলেন আত্তর আলী, জাবির আহমদ ও মাসুদ বিল্লাহ।

বেলা পৌনে তিনটার দিকে মুঠোফোনে জানতে চাইলে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, দুটি গাড়িকে জব্দ করা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।