পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ জেলায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। এর মধ্যে গাজীপুরে একটি ট্রাক খাদে পড়ে মারা গেছেন চারজন। মৌলভীবাজারের রাজনগরে গতকাল সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জ, ফরিদপুর ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও তিনজন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় বাঘিয়া-রাজাবাড়ী সড়কে বুধবার রাত ৩টার দিকে একটি ট্রাক ৬০-৭০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে বাঘিয়ার আলেক মিয়ার ছেলে ট্রাকচালক সোহেল মিয়া (২৯), রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), অলিন রায়ের ছেলে দিলীপ রায় (২২) ও রাখাল রায়ের ছেলে কাজল রায় (২৪) নিহত হন। তাঁরা বাঘিয়া এলাকায় করম মোল্লার ব্রিকস নামে একটি ইটভাটার মালিকের ট্রাকে শ্রমিকের কাজ করতেন। রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাকে ইট নামিয়ে ফেরার সময় ইটভাটার কাছেই গভীর খাদে পড়ে যায় ট্রাকটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার মশুরিয়া এলাকায় গতকাল সকাল সাতটার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন রাজনগরের মেলাগড় গ্রামের দিনমজুর এরশাদ মিয়া (৬০) ও ছালিক মিয়া (৩৫)। আহত ব্যক্তিদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ভৈরব পৌর শহরের স্টেডিয়াম এলাকায় গতকাল সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি পিকআপ ভ্যান চাপা দিলে রাব্বি মিয়া নামে অটোরিকশার এক যাত্রী নিহত ও ছয় যাত্রী আহত হন। নিহত রাব্বি উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহর গ্রামের মতি মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল সোয়া নয়টার দিকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। স্টেডিয়াম এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মিজানুল হক বলেন, দুর্ঘটনার কারণে অন্তত আধা ঘণ্টা যান চলাচল বাধাগ্রস্ত হয়।
ফরিদপুরের চিতারবাজার-কানাইপুর আঞ্চলিক সড়কে বোয়ালমারী উপজেলার ভাগদী সেতুর কাছে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চাপা দিলে মোটরসাইকেল আরোহী মো. সাহেব আলী মল্লিক (৪৫) নিহত হন। ভুসিমাল ব্যবসায়ী সাবেহ আলী উপজেলার দাদপুর গ্রামের সালাম মল্লিকের ছেলে।
জয়পুরহাট-আক্কেলপুর সড়কে জয়পুরহাট শহরের নতুনহাটে গতকাল বেলা ১১টার দিকে তবিবর রহমান (৫৮) নামের এক প্রতিবন্ধীকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার বাসিন্দা ছিলেন।