পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ, ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী, গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর, চুয়াডাঙ্গা এবং ময়মনসিংহের নান্দাইলে গত রোববার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলার কড্ডার মোড়-জামতৈল সড়কের নান্দিনা মধু আমতলা এলাকায় রোববার একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রী জামতৈল গ্রামের আজিজ (২৮), সাগর (২৮) ও শরিফ (২০) নিহত হন।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা পৌর এলাকার আতাদি এলাকায় রোববার বাসের চাপায় আতাদি ধান গবেষণা ইনস্টিটিউট মসজিদের ইমাম রবিউল আলম (২৫) নিহত হন। একই দিন ওই মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দিতে একটি বাসের চাপায় বাগেরহাটের বাঁশেরহোল্লা গ্রামের দেবাশীষ সরকার নিহত হন। গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার গাড়লগাতী গ্রামে রোববার নসিমন উল্টে যায়। এতে ওই নসিমনের যাত্রী কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের মহসিন নিহত হন। একই দিন সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় একটি বাসের ধাক্কায় সিদ্দিক শেখ (৮০) নামের এক পথচারী নিহত হন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের ভীমরুল্লাহ এলাকায় রোববার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের চালক ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বোয়ালিয়া গ্রামের সিজার উদ্দিন (২৯) নিহত হন। নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের ঘোষখালী এলাকায় রোববার একটি টেম্পো ও টক্কার (শ্যালো ইঞ্জিনচালিত ভ্যান) সংঘর্ষ হয়। এতে টক্কার যাত্রী আমোদাবাদ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে গিয়াসুদ্দিন (৫০) নিহত হন।