পাঁচ জেলায় ৮০০ গাছ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পাঁচ জেলায় বিভিন্ন প্রজাতির ৮০২টি গাছ কেটে সড়ক-মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে এসব গাছ কেটে ফেলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নির্ণয় করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রংপুরের ঢাকা-রংপুর মহাসড়কে দুই দফায় তিন শতাধিক গাছ কেটে মহাসড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। দিনাজপুরে গত বৃহস্পতিবার রাতে ২৩৯টি ও একই দিন মেহেরপুরে ১৫০টি গাছ কেটে ফেলা হয়। ঠাকুরগাঁওয়ে গত শনিবার পর্যন্ত ৫৬টি এবং বগুড়ায় গত বৃহস্পতি ও শুক্রবার ৫৭টি গাছে কেটে ফেলেন তাঁরা।
এসব গাছ কাটার ঘটনায় দিনাজপুরের নবাবগঞ্জ থানায় দুটি, বিরামপুর থানায় একটি ও ঘোড়াঘাট থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া বগুড়ায় পৃথক তিনটি মামলা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রংপুর:
১১ ও ১৩ ডিসেম্বর ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার দমদমা সেতুর দক্ষিণ দিক থেকে পায়রাবন্দ, চুহড়, গড়ের মাঠ, জায়গীরহাট, মিঠাপুকুর বাজার ও আল ফারুক ইনস্টিটিউট ও শঠিবাড়ী বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশের ছোট-বড় তিন শতাধিক গাছ কেটে ফেলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা এ গাছ দিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। পরে এসব গাছ আশপাশ এলাকার লোকজন নিয়ে যান। সড়ক ও জনপথ বিভাগের রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম জানান, এসব গাছ কাটায় তাঁদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি।

বিরামপুর (দিনাজপুর):
বিরামপুরের চরকাই রেঞ্জের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে ৩৪টি, বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর থেকে দলার দরগা পর্যন্ত ৫০টি, দলার দরগা থেকে ভাদুরিয়া পর্যন্ত ৯৫টি, ভাদুরিয়া থেকে রানীগঞ্জ পর্যন্ত ১৩টি, ভাদুরিয়া থেকে দাউদপুর পর্যন্ত ১৩টি এবং নবাবগঞ্জ থেকে কাঁচদহ পর্যন্ত ৩৪টিসহ মোট ২৩৯টি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গাছগুলো ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৭-০৮ অর্থবছরে লাগানো হয়।
এতে বন বিভাগ ও উপকারভোগীদের প্রায় ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, গত শুক্র ও শনিবার এসব গাছ কাটার ঘটনায় নবাবগঞ্জ থানায় দুটি, বিরামপুর থানায় একটি এবং ঘোড়াঘাট থানায় একটি মামলা হয়েছে।

ঠাকুরগাঁও:
গত শুক্রবার ভোরে সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বড় খোঁচাবাড়ী থেকে জেলার সীমানা উনত্রিশ মাইল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে বিভিন্ন প্রজাতির ৪৪-৪৫টি গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ওই দিন ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের হারাগাছপাড়া এলাকায় তিনটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখেন তাঁরা।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ গাছগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া শনিবার রাতে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের দুই কিলোমিটার কালীতলা থেকে চকহলদি পর্যন্ত আটটি গাছ কেটে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাঁরা।

বগুড়া:
বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা সুনীল কুমার কুণ্ড জানান, সড়ক-মহাসড়কে বন বিভাগ ছাড়াও সওজ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, এলজিইডি, জেলা পরিষদ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গাছ রয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার বন বিভাগেরই ৫৭টি গাছ কেটেছে জামায়াত-শিবির। এ ঘটনায় গত শনিবার পৃথক তিনটি মামলা হয়েছে।

মেহেরপুর:
গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর-মুজিবনগরের বন্দর এলাকায় ও মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় এবং কায়েমকাটা মোড় ও কাথুলীতে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টি গাছ কেটে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির। জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী জানান, জেলার প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত গাছের প্রায় সবই জেলা পরিষদের। এসব গাছ কেটে ফেলায় তাঁদের অনেক ক্ষতি হয়েছে। গাছগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।