পাঁচ জেলেকে ফেরত দিল বিজিপি
পাঁচ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। নাফ নদীতে মাছ শিকার করার সময় আজ সকাল নয়টার দিকে হোয়াকং উঞ্চিপ্রাং জিম্মংখালী এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিজিপি। বিজিপির গুলিতে মো. ইসলাম (৩৫) নামের এক জেলে গুলিবিদ্ধ হন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বিজিপির সঙ্গে যোগাযোগ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেলা আড়াইটার দিকে তাঁদের ফেরত দেয় বিজিপি। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, জলসীমা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে ঢুকে পড়ায় তাঁদের আটক করা হয়। কিন্তু বিজিপির হস্তক্ষেপে তাঁদের ফেরত দেওয়া হয়েছে। বিজিবি জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
এর আগে জেলে পরিবার সূত্রে জানায়, সকালের দিকে জেলেরা নাফ নদীর জিম্মংখালী এলাকায় মাছ ধরতে যান। হঠাৎ করে মিয়ানমারের বিজিপি তাদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে একটি ট্রলারে করে এসে তারা জেলেদের ধরে নিয়ে যায়। গুলিবিদ্ধ জেলে সাঁতরে বাংলাদেশের তীরের দিকে চলে আসেন। ধরে নেওয়া ওই পাঁচ জেলে হলেন আজিজুল্লাহ, ইয়ার মোহাম্মদ, শাহা আলম, মো. রফিক ও পেটান আলী। তাঁদের বাড়ি টেকনাফ উপজেলার হোয়াকং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায়।