সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করার বিষয়টি চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিতে
পাঁচজন জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন। এই পাঁচজন জ্যেষ্ঠ আইনজীবী হলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি। ২৮ মে এই পাঁচজনকে তাঁদের মতামত দিতে বলেছেন আদালত।
গত বছরের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। সংবিধানের এ সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয়। এটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী। গত ৯ নভেম্বর ওই আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে রুল দেন হাইকোর্ট। ষোড়শ সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা এ রুলে সরকারের কাছে জানতে চান আদালত। বৃহস্পতিবার ওই রুলের ওপর প্রথম দিনের
শুনানি হয়। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, রুলের পরবর্তী শুনানি হবে ২৮ মে। ওই দিন এ বিষয়ে পাঁচজন অ্যামিকাস কিউরি মতামত দেবেন।