পাঁচ টাকার 'ঠেলাওয়ালা'

ধারালো বর্শার মতো স্বর্ণময় সূর্যরশ্মি ফলা/ কীনব্রিজে আঘাত হানে। শুরু হয় জনতার চলা—‘কীনব্রিজে সূর্যোদয়’ নামে সুরমাপারের কবি দিলওয়ারের কবিতার মতোই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কাজ শুরু হয় ঠেলাওয়ালাদেরও।
ধনুকের মতো বাঁকা সিলেটের কিন ব্রিজ। রাস্তা থেকে ব্রিজের এপার-ওপার বেশ উঁচুতে হওয়ায় শুধু প্যাডেলের ওপর ভর করে এই ব্রিজ পাড়ি দেওয়া বেশ কঠিন। এ কারণে রিকশাচালকদের দরকার পড়ে ‘ঠেলাওয়ালার’। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনির এই কাজ করেন দেড় শতাধিক শ্রমিক। তারা ‘কিন ব্রিজের ঠেলাওয়ালা’ হিসেবে পরিচিত।
সিলেট শহরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করে রেখেছে সুরমা নদী। দুই অংশকে সংযুক্ত করতে নদীর ওপর ১৯৩৬ সালে ধনুকের মতো বাঁকা একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। এক হাজার ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের লোহার তৈরি এ ব্রিজের নাম কিন ব্রিজ।
প্রতিবার রিকশা ঠেলে কিন ব্রিজের ওপরে তুললে ঠেলাওয়ালার মজুরি মেলে পাঁচ টাকা। শিশু-কিশোর থেকে বয়স্ক মানুষও ঠেলাওয়ালার কাজ করেন। দিন শেষে একেকজনের জোটে গড়ে ৩০০ থেকে এক হাজার টাকা।
গত বৃহস্পতিবার ভরদুপুরে কিন ব্রিজের সামনে কথা হয় ঠেলাওয়ালা আবদুল হকের (৪০) সঙ্গে। তাঁর বাড়ি কুমিল্লায়। এখন কাজীরবাজার এলাকায় ছেলেমেয়ে নিয়ে থাকছেন। তাঁর আয়েই ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ চলছে। প্রতিদিন তাঁর আয় ৪০০ থেকে ৫০০ টাকা। তিনি বলেন, ‘বয়স বাড়তাছে, তাই চিন্তা হইতাছে। শরীরের জোর কইমা গেলে কীভাবে রিকশা ঠেলমু?’
সবে আঠারোতে পা দিয়েছেন মনির মিয়া। বাড়ি ময়মনসিংহ। পাঁচ বছর ধরে কিন ব্রিজে রিকশা ঠেলছেন। দরগাহ মহল্লা এলাকায় থাকেন। দ্রুত রিকশা ঠেলতে পারেন মনির। এ কারণে আয়ও অন্যদের চেয়ে একটু বেশি।
মনির বলেন, ‘রোদ-বৃষ্টি মাথায় নিয়া রিকশা ঠেলি। শরীরের ঘাম পায়ে ফেইলা ইনকাম করি। কষ্ট আছে, তৃপ্তিও আছে।’
আইনুল ইসলাম নামের এক রিকশাযাত্রী জানান, তাঁকে ব্রিজ পেরিয়ে মূল শহরে এসে অফিস করতে হয়। তিনি বলেন, ‘প্রতিদিন রিকশা চেপে যখন কিন ব্রিজ পাড়ি দিই, রিকশার পেছনে যদি দেখি ঠেলাওয়ালার কাজ করছেন বাবার বয়সী কোনো মানুষ বা শিশু, তখন মনটা খচখচ করে।’