কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার পর্যটকসহ স্থানীয় লোকজন চলাচল করছে। নৌপথের মাঝামাঝি স্থানে বদরমোকামের বাংলা চ্যানেলে একাধিক ডুবোচর জেগে ওঠায় এবং নাফ নদের ১৪ কিলোমিটারজুড়ে তিন শতাধিক ফাঁদজাল (বিহিঙ্গী) বসানোর কারণে এই ঝুঁকি বেড়েছে। দিনের বেলায় কোনোরকম নৌপথ অতিক্রম করা সম্ভব হলেও সন্ধ্যার পর ফাঁদজাল ও ডুবোচরের কারণে ট্রলার ও নৌকাডুবির ঘটনা ঘটছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসার সময় নাফ নদের মোহনায় ফাঁদজালে আটকা পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা উল্টে যায়। এ সময় নূর নবী নামের এক জেলে জালে আটকা পড়েন। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করেন। গত ১৬ আগস্ট মিয়ানমার থেকে আসা গরু-মহিষবোঝাই একটি ট্রলারসহ ছয় শ্রমিক ফাঁদজালে আটকা পড়েন। ভাটার তীব্র স্রোতের কারণে তাঁরা সবাই নিখোঁজ হন। জালে আটকা পড়ে মারা যায় চারটি গরু। গত বছর ডুবোচরে ধাক্কা লেগে ও ফাঁদজালে আটকা পড়ে ডুবে যায় টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা মিয়ানমারের ১৯টি ট্রলার। এতে ওই সব ট্রলারের অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যু হয়। তাঁরা সবাই মিয়ানমারের নাগরিক। ট্রলারডুবির ঘটনায় ক্ষতি হয় কোটি কোটি টাকার আমদানি করা পণ্য।টেকনাফের ক্ষতিগ্রস্ত আমদানিকারক সাইফুল ইসলাম জানান, বদরমোকাম চ্যানেল দিয়ে প্রতিদিন কয়েক শ ট্রলার চলাচল করে, কিন্তু ডুবোচরগুলো খনন করার কোনো উদ্যোগ নেই।সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটারের এই নৌপথে বদরমোকাম চ্যানেলে ছোট-বড় পাঁচটি ডুবোচর জেগে উঠেছে। জোয়ারের সময় এসব চর হারিয়ে যায়, ভাটার সময় আবার জেগে ওঠে। সন্ধ্যার পর অন্ধকার নেমে এলে ডুবোচরগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। এ সময় ভুলক্রমে ডুবোচরে ট্রলার গেলে আটকে পড়ে উল্টে যায়। নাফ নদের দীর্ঘ ১৪ কিলোমিটার এলাকায় কমপক্ষে তিন শতাধিক ফাঁদজাল বসানো থাকে। এসব জালে আটকা পড়লে রক্ষা পাওয়ার উপায় নেই বললেই চলে।এই নৌপথে চলাচলকারী এফভি মহিউদ্দিন ট্রলারের মাঝি ফরিদ আহমদ ও এফভি ফয়েজ ট্রলারের মাঝি আলী আকবর জানান, আন্তর্জাতিক জলধারা হওয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের জেলেরা নাফ নদে প্রতিযোগিতামূলকভাবে যত্রতত্র ফাঁদজাল বসাচ্ছেন। এর ফলে ঝুঁকি নিয়ে নৌ-চলাচল করতে হচ্ছে। রাতের বেলায় ডুবোচর চিহ্নিত করার জন্য বাংলা চ্যানেলে চারটি বয়া স্থাপন করা হলেও কোনোটিতে এখন আলো জ্বলে না।এই নৌপথে পর্যটক নিয়ে চলাচলকারী জাহাজ কেয়ারী সিন্দাবাদের ক্যাপ্টেন মুজিবুল হক জানান, ডুবোচরের চেয়ে বিপজ্জনক হচ্ছে ফাঁদজাল। এসব জাল বসানো নিষিদ্ধ হলেও কেউ উচ্ছেদে এগিয়ে আসছে না। ফাঁদজালের কারণে দেড় ঘণ্টার নৌপথ অতিক্রম করতে এখন সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, পর্যটকসহ স্থানীয় লোকজনের নিরাপদ পারাপারে ডুবোচরের পাশে একাধিক বয়া স্থাপন এবং ফাঁদজাল তুলে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে।