পাঁচ দফা ঘোষণায় গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলন শেষ
মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম, তথ্যের অবাধ প্রবাহই পারে রাষ্ট্রে সুশাসন তৈরি করতে। তবে এ ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা যেমন জরুরি, তেমনি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে এ তথ্য উঠে আসে। পাঁচ দফা ঘোষণার মধ্যে দিয়ে আজ বুধবার দুই দিনের এ সম্মেলন শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের সমাপনী অধিবেশনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘দেশে সাংবাদিকতা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী যোগাযোগ ও সংবাদকর্মীরা এই সম্মেলনে তাঁদের ভাবনা তুলে ধরেছেন। সব মিলিয়ে সম্মেলনটি তরুণ গবেষকদের ধারণা ও চিন্তাগুলোকে বিকশিত করার ক্ষেত্র তৈরি করেছে।’
মফিজুর রহমান পরে এবারের সম্মেলনের পাঁচটি ঘোষণা তুলে ধরেন। এতে বলা হয়, দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক গবেষণা বহুমাত্রিকতা পেয়েছে। আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তি ও বিশ্বায়নের প্রেক্ষাপটে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে নিত্যনতুন গবেষণার গুরুত্ব আরোপ করা হচ্ছে। দেশে এ ধরনের গবেষণার জন্য একটি নেটওয়ার্কিং দরকার। প্রতিবছর এ ধরনের সম্মেলন আয়োজন করা দরকার।
সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন অধ্যাপক ফাহমিদুল হক, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান ও সাবরিনা সুলতানা চৌধুরী।
এর আগে সকালে সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে ‘বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যম: বর্তমান ও সম্ভাবনা’ শীর্ষক একটি অধিবেশনের সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। ওই সম্মেলনে নির্বাচন ও ভোটে ফেসবুক কীভাবে ভূমিকা রাখছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে ফেসবুক ব্যবহার করছেন এবং ব্যক্তি ও গোষ্ঠীর ওপর সামাজিক যোগাযোগের মাধ্যম কীভাবে ভূমিকা রাখছে, সেগুলো নিয়ে গবেষকেরা তাঁদের প্রবন্ধ তুলে ধরেন।
রোবায়েত ফেরদৌস বলেন, ‘দ্রুতই কাগজকেন্দ্রিক সভ্যতা শেষ হয়ে যাবে। আগামীর পৃথিবী অনলাইনের। আজকে প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীল দুই অংশই ফেসবুক ব্যবহার করছে। সবাইকে এখানে দায়িত্বশীল আচরণ করতে হবে।’
সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে আরেকটি অধিবেশনের সভাপতিত্ব করেন হেলেনা ফেরদৌসী। ওই অধিবেশনে সামাজিক যোগাযোগের মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ড নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি ফেসবুক কীভাবে মূলধারার গণমাধ্যমের জবাবদিহির নতুন ক্ষেত্র হয়ে উঠছে, সেটি নিয়েও আলোচনা হয়।
‘চলচ্চিত্র: রিপ্রেজেন্টেশন এবং ভাবাদর্শ’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক জাকির হোসেন রাজু। এ ছাড়া ‘গণমাধ্যম, সংস্কৃতি এবং ক্ষমতায়ন’ নিয়ে অধিবেশনে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক আবদুর রাজ্জাক খান। এতে বাংলাদেশের টেলিভিশন অধ্যয়নের সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফাহমিদুল হক। ‘গণমাধ্যম, বিজ্ঞাপন এবং দর্শক’ শীর্ষক অধিবেশনের সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
দুপুরে সহযোগী অধ্যাপক এ এস এম আসাদুজ্জামানের সভাপতিত্বে ‘গণমাধ্যম, রাজনীতি এবং সুশাসন’ শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে সরকারের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহমুদুল হক একটি প্রবন্ধ উপস্থাপন করে বলেন, তথ্যের অধিকার রাজনৈতিক সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে পারে। ওই অধিবেশনে ‘প্রজন্মান্তরে পর্দায় নিবন্ধ দর্শক: নাগরিক নারীর চলচ্চিত্রবিষয়ক অভিজ্ঞতা’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গীতি আরা নাসরিন। তিনি বলেন, বাংলাদেশের সিনেমার দর্শক ক্রমেই কমছে। এর মধ্যে সবচেয়ে বেশি হারিয়েছে নারী দর্শক। অধিকাংশ চলচ্চিত্রের গল্প এবং প্রেক্ষাগৃহের পরিস্থিতি নারী দর্শকদের অনুকূলে নয়। ফলে তারা এখন টেলিভিশনের পর্দাতেই অধিক দৃষ্টি দেয়।
সম্মেলনে ‘গণমাধ্যমে এলজিবিটি, নারী এবং লোকসংগীত’ শীর্ষক একটি অধিবেশনে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক আফরোজা বুলবুল। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের অধ্যাপক ব্রায়ান সো স্মিথ।
এ ছাড়া বিকেলে সাংবাদিকতাবিষয়ক সমালোচনামূলক ভাবনা শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন প্রিন্টিং ও পাবলিশিং বিভাগের চেয়ারম্যান সুধাংশু শেখর রায়। এতে অধ্যাপক শেখ আবদুস সালাম তাঁর ‘সাংবাদিকতা: প্রযুক্তি ও বাজারের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধে বলেন, যোগাযোগের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি আসছে। এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মূল্যবোধসম্পন্ন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।