নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটিইসি) শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ-সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন।এদিকে সমাবেশ ও অবরোধের কারণে চৌমুহনী-মাইজদী মহাসড়কের দুই দিকে প্রায় এক ঘণ্টা ধরে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ছাত্র সংগ্রাম ঐক্য পরিষদের ব্যানারে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, কলেজে ভর্তির সময় তাঁদের কাছ থেকে ব্যবহারিক ক্লাসের যন্ত্রপাতি ও কাঁচামালের জন্য পর্যাপ্ত টাকা নেওয়া হলেও কলেজ প্রশাসন যথেষ্ট উপকরণ সরবরাহ করেনি। টেক্সটাইল ইনস্টিটিউট থেকে প্রতিষ্ঠানটিকে ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করা হয়েছে, কিন্তু এর জন্য আলাদা কোনো শিক্ষক নিয়োগ, কোর্সের যন্ত্রপাতি, কাঁচামাল ও ল্যাব-সুবিধা—কিছুই করা হয়নি। নেই ছাত্রাবাসের সুবিধা। বিভিন্ন উন্নয়নকাজে চলছে অনিয়ম ও দুর্নীতি। এ অবস্থায় তাঁরা বাধ্য হয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে কলেজের বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা কলেজের সামনে চৌমুহনী-মাইজদী মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করলে তাঁরা ক্যাম্পাসে ফিরে যান। কলেজের অধ্যক্ষ আবদুল বাসেদ মিয়া প্রথম আলোকে জানান, শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক। কিন্তু এগুলোর বাস্তবায়ন সময়সাপেক্ষ। শিক্ষকসংকট ও যন্ত্রপাতি না থাকায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছাত্রাবাস নির্মাণসহ প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার কাজ চলছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।