পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকেরা পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটের কারণে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। খনি কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনার জন্য বৈঠকের চেষ্টা করলেও শ্রমিকনেতারা তাতে সাড়া দেননি।
খনিশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃতীয় পক্ষের দরপত্র প্রথা বাতিল করে সরাসরি কোম্পানির অধীনে চাকরি প্রদান, ডিপ্লোমাধারী শ্রমিকদের চাকরি নিয়মিতকরণ, বহিষ্কৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং সরকারঘোষিত ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে গতকাল সকাল নয়টা থেকে কর্মবিরতি শুরু করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। পানি উত্তোলনের যন্ত্রগুলো পরিচালনা করার লোক না থাকায় কোম্পানির কার্যালয়সহ খনির আবাসিক এলাকাগুলোতে পানির সংকট দেখা দেয়। শ্রমিকেরা খনির প্রধান ফটকে মিছিল ও সমাবেশ করেন।
ইউনিয়নের সভাপতি খায়রুল আলম ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, তাঁরা খনির সূচনালগ্ন থেকে তৃতীয় পক্ষের অধীনে কাজ করে আসছেন। অথচ তাঁদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। তাঁদের দাবি মানা না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান শ্রমিকনেতারা।
এমজিএমসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মীর মো. আবদুল হান্নান বলেন, শ্রমিকেরা কাজে যোগদান না করায় সকাল থেকে খনির আবাসিক এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁদের দাবিগুলোও মেনে নেওয়া খনি কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়। এ ছাড়া আগামী মাসে খনি পরিচালনার দায়িত্ব পাচ্ছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া কনসোর্টিয়াম। তাই এই মুহূর্তে শ্রমিকদের কোনো দাবি মানা সম্ভব নয়।
বর্তমানে এমজিএমসিএলে ৩০৮ জন শ্রমিক-কর্মচারী তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ পেয়ে কর্মরত রয়েছেন। এই খনি থেকে প্রতিদিন এক হাজার থেকে এক হাজার ২০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হতো।