পাঁচ দফা দাবিতে অফিসার সমিতির কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়স ৬৫ বছর করা, অতিরিক্ত রেজিস্ট্রার পদ সৃষ্টিসহ পাঁচ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। গতকাল সোমবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে দুপুরে প্রতিবাদ সভায় বক্তারা পাঁচটি দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি দ্রুত মেনে নেওয়া না হলে লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করবেন বলে তাঁরা জানান। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী একই দাবিতে আজ মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করারও ঘোষণা দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক রশীদুল হায়দার, মো. গিয়াস উদ্দিন, সাইফুল আবেদীন, মীনা পারভীন প্রমুখ।
গত ৩০ মে একই দাবিতে অফিসার সমিতির পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ জুন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।