পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে পাউবোর ঠিকাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ কোটি টাকা পাওনা আদায়সহ পাঁচ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেছেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদারেরা। ঠিকাদার আন্দোলন কমিটি গতকাল দুপুরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও আঞ্চলিক হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে সঞ্চারকলিপি দিয়ে বোর্ড চত্বরে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। ২০০৮-০৯ থেকে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বগুড়া বিভাগ থেকে সম্পন্ন করা কাজগুলোর ১৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এসব টাকা পরিশোধ না করেই নতুন করে দরপত্র আহ্বান করায় ঠিকাদারেরা গত মঙ্গলবার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। সেই ঘোষণার অংশ হিসেবে গতকাল স্মারকলিপি দেওয়া হয়। আন্দোলন কমিটির আহ্বায়ক সৈয়দ শাহিন আহমেদ জানান, ঠিকাদারদের ডেকে এনে এসব প্রকল্পের কাজ সময়মতো করে নিয়ে বিল প্রদানের সময় গড়িমসি করা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সুকৌশলে বাজেট বরাদ্দ ছাড়াই দরপত্র আহ্বান করে ঠিকাদারদের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, ১৫ কোটি টাকা বকেয়া বিল না পাওয়ায় ঠিকাদারদের ব্যাংক ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। তার পরও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাজেট বরাদ্দ ছাড়াই দরপত্র আহ্বান করেছেন। যে দরপত্রে কোনো ঠিকাদার অংশগ্রহণ করেননি। এ অবস্থায় পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়ে তাঁরা মাঠে নেমেছেন। তাঁদের পরবর্তী কর্মসূচি হলো ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত অফিস চলাকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১২ আগস্ট পাউবোর কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, ১৩ আগস্ট পাউবোর আঞ্চলিক হিসাবকেন্দ্রে তালা ঝোলানো, ১৪ আগস্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা লাগানো এবং ২৮ আগস্ট ঢাকায় মতিঝিলে পাউবোর প্রধান কার্যালয়ের সামনে প্রতীক অনশন কর্মসূচি পালন।