ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনটি শহীদ আহসানউল্লাহ মাস্টারের নামে নামকরণসহ পাঁচ দফা দাবিতে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলীর কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম ও সাধারণ সম্পাদক নাহিদ মিয়ার স্বাক্ষরিত স্মারকলিপিতে করা অন্য দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজের জন্য গবেষণাগার নির্মাণ, শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানের জন্য নতুন বাস কেনা, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণ ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের ব্যবস্থা করা।এ ছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন দপ্তরে পাঠানো মানহানি ও আপত্তিকর উড়ো চিঠির তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ।এ ব্যাপারে জানতে উপাচার্যকে ফোন করা হলে তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ প্রথম আলোকে স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।