পাঁচ দফা দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিক ধর্মঘট
পাট খাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠনসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। গতকাল সোমবার সকাল ছয়টা থেকে লাগাতার এ কর্মসূচি পালন করছেন তাঁরা। এতে খুলনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো কার্যত অচল হয়ে পড়েছে।
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে খুলনার সাত কারখানার ৩৫ হাজার শ্রমিক এ কর্মসূচি পালন করছেন। এর মধ্যে খুলনার পাঁচটি ও যশোরের দুটি রাষ্ট্রায়ত্ত কারখানা রয়েছে।
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সদস্যসচিব জাকির হোসেন প্রথম আলোকে বলেন, পূর্বের ডাকা চতুর্থ ধাপের ২১ দিনের কর্মসূচি অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা ছিল। সে অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার এ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। আর দাবি আদায় না হলে কাল (মঙ্গলবার) থেকে ধর্মঘটের পাশাপাশি তিন দিন সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত খুলনা ও যশোরের তিনটি পয়েন্টে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে শুক্রবার শ্রমিকদের নিয়ে বৈঠক করে অবরোধের সময় বাড়ানো হবে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের ধর্মঘট চলতেই থাকবে।
জাকির হোসেন আরও বলেন, প্রতিটি রাষ্ট্রায়ত্ত কারখানায় শ্রমিকদের ৫ থেকে ১৬ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এ কারণে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে এ আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না করে তাঁরা ঘরে ফিরবেন না বলে জানান তিনি।